সূচক ও লেনদেনে নতুন রেকর্ড হলো
চলতি সপ্তাহের প্রথম তিন দিন দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশির ভাগ শেয়ারের দাম কমলেও গতকাল বুধবার দেখা গেছে একেবারেই উল্টো চিত্র। এদিন তালিকাভুক্ত বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় আবার চাঙা হয়ে ওঠে শেয়ারবাজার। আর এতেই মূল্যসূচক ও বাজার মূলধন উঠে এসেছে নতুন উচ্চতায়।ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল দিন শেষে সাধারণ মূল্যসূচক ১২১ পয়েন্টের মতো বেড়ে আট হাজার ৭২৩ পয়েন্ট ছাড়িয়েছে। স্টক এক্সচেঞ্জটির ইতিহাসে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ সূচকের নজির। এর আগে গত বৃহস্পতিবার ডিএসইর সাধারণ মূল্যসূচক আট হাজার ৭২১ পয়েন্ট পর্যন্ত ওঠে। কিন্তু গত তিন দিনে তা ১০০ পয়েন্টের মতো কমেছিল।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ সূচক ২৬৮ পয়েন্ট বেড়ে ২৪ হাজার ৫০০ পয়েন্টে গিয়ে ঠেকেছে।বাজার বিশেষজ্ঞরা বলছেন, লেনদেনের বিপরীতে ব্রোকারেজ হাউসগুলোর নিরাপত্তা জামানতের (সদস্য বা ব্রোকারেজ মার্জিন) বর্ধিত হার কার্যকরের সময়সীমা আবারও বাড়ানোর খবরে বাজার বেড়েছে।সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) মেম্বারস মার্জিন জমার হার ক্ষেত্রবিশেষে দ্বিগুণ করে। আগামী রোববার থেকে যা কার্যকর হওয়ার কথা ছিল।এই আগাম জমার হার বাড়লে ব্রোকারেজ হাউসগুলোর লেনদেন করার ক্ষমতা কমে যেতে পারে, এ আশঙ্কা থেকেই গত দুই দিন সূচক ও লেনদেন কমেছে। বাজার পরিস্থিতি: শেয়ারের দাম ও সূচকের ঊর্ধ্বগতি দিয়েই গতকাল দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়। এর মধ্যে মেম্বারস মার্জিন কার্যকরের সময় বাড়ানোর খবর ছড়িয়ে পড়লে তা আরও গতি পায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই গতি আরও বাড়তে থাকে।দিন শেষে দেখা গেছে, ডিএসইর লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৬৪ শতাংশেরই দাম বেড়েছে। সিএসইতে এ হার ছিল ৬০ শতাংশ। এর প্রভাবে গতকাল বাজার মূলধন আগের দিনের চেয়ে তিন হাজার ৭৬৬ কোটি টাকা বেড়ে তিন লাখ ৬৩ হাজার ৫৯৮ কোটি টাকা ছাড়িয়েছে। শেয়ারবাজারে গতকাল ব্যাংক ও বিমা খাতের শেয়ারের প্রাধান্য ছিল বেশি। এর পাশাপাশি স্বল্প মূলধনের কোম্পানিগুলো বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় ছিল। তবে অব্যাংকিং আর্থিক খাতের কোম্পানিগুলো ছিল দরপতনের তালিকায়।ডিএসইতে গতকাল দুই হাজার ৪৭৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৫৫০ কোটি টাকা বেশি। আর সিএসইতে লেনদেন হয়েছে ২৪০ কোটি টাকা।সময় বাড়ল: বর্ধিত হারে আগাম জমা (মেম্বার্স মার্জিন) দেওয়ার সময়সীমা আরও এক দফা বাড়ানো হয়েছে। এসইসি গতকাল এ সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সময়সীমা আগামী ২ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।এ সময় পর্যন্ত পুরোনো হারে আগাম জমা দিয়েই ব্রোকারেজ হাউসগুলো লেনদেন চালাতে পারবে। এর আগে গত বৃহস্পতিবার এসইসির এক সভায় ব্রোকারেজ হাউসগুলোর নিরাপত্তা বা আগাম জামানতের হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।