সূচক কমল এক দিন পরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা নয় দিন সূচকের পতনের পর গতকাল ইতিবাচক প্রবণতা ছিল দেশের শেয়ারবাজারে। কিন্তু আজ মঙ্গলবার আবারও সূচকের নিম্নমুখী প্রবণতা ছিল শেয়ারবাজারে। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকের এই পতন লক্ষ করা গেছে। তবে লেনদেন বেড়েছে উভয় বাজারে।

ডিএসইতে সূচক কমেছে ১৪ পয়েন্ট

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইর ডিএসইএক্স সূচক আজ ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪,৩৬২ পয়েন্টে।

এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতে সূচক সামান্য বাড়লেও কিছুক্ষণ পর থেকে নিম্নমুখী প্রবণতায় যায় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। গতকাল ডিএসইতে সূচক বেড়েছিল ৩২ পয়েন্ট।

আজ ডিএসইতে ২৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৩টির দাম বেড়েছে, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ১৯৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে সাত কোটি টাকা  বেশি। গতকাল এ বাজারে ১৮৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

সিএসইতে সূচক কমেছে ৫০ পয়েন্ট

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩,৪২৫ পয়েন্টে।

সিএসইতে আজ ২০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৫টির দাম বেড়েছে। কমেছে ১০৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সিএসইতে আজ ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে আট কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ১৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে বেক্সিমকো

গতকালের মতো আজও ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল বেক্সিমকো। আজ এ প্রতিষ্ঠানের ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, অ্যাপোলো ইস্পাত, বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মেঘনা পেট্রোলিয়াম প্রভৃতি।