সূচক কমল ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিন ইতিবাচক থাকার পর আজ বুধবার সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও কমেছে সূচক। তবে লেনদেন বেড়েছে দুই বাজারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে ১২ পয়েন্ট

দিনের লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৬০ পয়েন্টে।

এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা দেড়টা পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে। এরপর নিম্নমুখী হয় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

ডিএসইতে আজ ২৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৫টির দাম বেড়েছে, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৪৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের ১১৪ কোটি টাকা বেশি। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে ৩৩ পয়েন্ট

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৪১ পয়েন্টে।

সিএসইতে আজ ২২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৩টির দাম বেড়েছে, কমেছে ৯৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সিএসইতে আজ ৪০ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে নয় কোটি টাকা বেশি। গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে শীর্ষে পদ্মা অয়েল

গতকালের মতো আজও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে ছিল পদ্মা অয়েল। আজ এই প্রতিষ্ঠানের ৪৪ কোটি টাকার লেনদেন হয়েছে। এ ছাড়া বিএসসি, মেঘনা পেট্রোলিয়াম, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিএসসিসিএল, গ্রামীণফোন, সিঙ্গার বিডি, যমুনা অয়েল, লাফার্জ সুরমা সিমেন্ট প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।