সূচক কমল দুই বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই বাজারেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচক কমেছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সামান্য বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৮ পয়েন্ট কমে ৪১১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বগতির মধ্যে লেনদেন শুরু হয়। বেলা ১১টা ২০ মিনিটে সূচক গতকালের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে যায়। এর পর থেকে সূচক কমতে থাকে। শেষ পর্যন্ত নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়।আজ ডিএসইতে মোট ২৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৪টিরই দাম কমেছে। বেড়েছে ১০৪টির আর অপরিবর্তিত রয়েছে ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ১২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা বেশি।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: বেক্সিমকো, ইউনিক হোটেল, আরএন স্পিনিং, ইউনাইটেড এয়ার, এনবিএল, বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসসিসিএল, এনভয় টেক্সটাইল ও এনটিসি।দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৬০৭ পয়েন্টে। সিএসইতে আজ ১৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ৮৭টির দাম কমেছে। বেড়েছে ৫০টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ১৫ কোটি টাকার শেয়ার দেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা কম।