সূচক কমল ৯৪ পয়েন্ট, দর হারিয়েছে ২৩৪ কোম্পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরপতনের মধ্য দিয়ে আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেন শেষ হয়েছে দেশের পুঁজিবাজারে। আজ প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৩৪টি কোম্পানি দর হারিয়েছে। ফলে সূচকের বড় পতন হয়েছে। টানা সাত কর্মদিবস পর গত বৃহস্পতিবার ডিএসইতে সূচক বেড়েছিল ৩ পয়েন্ট। তবে ওই দিন দর হারিয়েছিল ১৭৭টি কোম্পানি। এই হিসাবে এক দিন সূচক সামান্য বাড়লেও টানা নয় দিন দরপতনের ঘটনা ঘটল ডিএসইতে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টানা নয় দিনই একই অবস্থা দেখা গেল।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ২ দশমিক ১৬ শতাংশ বা ৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ২৫৩ পয়েন্টে। এর আগে বেলা সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সূচক পতনের হারও বাড়তে থাকে। এর ধারাবাহিকতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।ডিএসইতে আজ মোট ২৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩৪টির দাম কমেছে; বেড়েছে ৩১টির আর অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এই স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪৫ কোটি টাকা, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৬৯ কোটি টাকা বেশি।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, ইউনিক হোটেল, মেঘনা পেট্রোলিয়াম, তিতাস গ্যাস, বিএসসিসিএল, আরএন স্পিনিং, এইমস ফর্স্ট মিউচুয়াল ফান্ড, বেক্সিমকো, আমরা টেকনোলজিস প্রভৃতি।অন্যদিকে, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ২৭০ পয়েন্ট কমে ১২ হাজার ৯৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ১৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৪টির দাম কমেছে; বেড়েছে ১৬টির আর অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা বেশি।