আজ মঙ্গলবার শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চললেও শেষে নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকও কমেছে। তবে লেনদেন বেড়েছে দুই বাজারেই।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ডিএসইতে আজ ৬৯০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৮৮ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৬০২ কোটি টাকার লেনদেন হয়েছিল।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন ৪৬ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গতকালের চেয়ে চার কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৪২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়।
এদিকে, দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ১.৯৮ পয়েন্ট কমে দাঁড়ায় ৪১৩২.১৩ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা একটা পর্যন্ত এভাবে লেনদেন চলতে থাকে। এ সময় সূচক ৪৫ পয়েন্ট বেড়েছিল। এরপর সূচকের তির নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১১৩টির দাম বেড়েছে, কমেছে ১৫২টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।
ডিএসইর মতো সিএসইতেও সূচক কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৭৩২ পয়েন্টে।
আজ সিএসইতে হাতবদল হওয়া ২১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৩টির দাম বেড়েছে, কমেছে ১২৪টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
গতকালের মতো আজও ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেড। প্রতিষ্ঠানটির ৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিএসসিসিএল, স্কয়ার ফার্মা, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, তাল্লু স্পিনিং, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, অ্যাপেক্স অ্যাডেলসি ফুটওয়্যার, হেইডেলবার্গ সিমেন্ট, ইউনাইটেড এয়ার প্রভৃতি।