দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। তবে, লেনদেনের পরিমাণ এবং লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়লেও কমেছে সূচক। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসই সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ১৪ পয়েন্ট কমে ৪,৬৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক গতকালের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে গেলেও ২০ মিনিটে গতকালের চেয়ে ৪৪ পয়েন্ট কমে যায়। এরপর ৩০ মিনিটের দিকে সূচক কমার হার একটু কমে যায়। দুই ঘণ্টা শেষে বেলা একটায় সূচক কমে ৯৪ পয়েন্ট। তবে একটা ২৫ মিনিটের পর থেকে দিনের শেষ পর্যন্ত সূচক কমার হার কমতে থাকে।আজ লেনদেন হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১২৮টির দাম, কমেছে ১১০টির আর অপরিবর্তিত আছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ২৩৫ কোটি টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ৫২ কোটি টাকা বেশি।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো— লঙ্কাবাংলা ফিন্যান্স, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল, বেক্সিমকো, সিটি ব্যাংক, ইউসিবিএল, এমআই সিমেন্ট এবং পদ্মা অয়েল।