সূচক কমলেও লেনদেন বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ রোববার দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সাধারণ মূল্যসূচকও ছিল নিম্নমুখী। শেয়ারের দরপতন ও সূচক কমলেও বৃহস্পতিবারের তুলনায় আজ লেনদেন বেড়েছে। আজ লেনদেনের শুরুতে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছিল। কিন্তু দিনশেষে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরপতনের মধ্যে লেনদেন শেষ হয়। ফলে সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যায়। তবে দুই বাজারেই লেনদেন বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩০ পয়েন্ট কমে চার হাজার ৪৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। ১৫ মিনিটে সূচক গতকালের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়েছিল। এরপর সূচক বাড়ার হার নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। আজ ডিএসইতে মোট ২৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৫টির দাম কমেছে; বেড়েছে ৮২টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এই স্টক এক্সচেঞ্জে আজ ৬৯১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ১০৮ কোটি টাকা বেশি।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, বিএসসিসিএল, আরএন স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম, ইউনিক হোটেল, তাল্লু স্পিনিং, তিতাস গ্যাস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আমরা টেকনোলজিস প্রভৃতি।অন্যদিকে, দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৫০ পয়েন্ট কমে ১৩ হাজার ৬৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ১৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৫টির দাম কমেছে; বেড়েছে ৩৮টির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ৭০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে তিন কোটি টাকা বেশি।