সূচক কমলেও লেনদেন বেড়েছে দুই স্টক এক্সচেঞ্জে
দেশের পুঁজিবাজারে আজ বুধবারও নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেছে। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক কমেছে। তবে লেনদেন বেড়েছে উভয় স্টক এক্সচেঞ্জে।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বাজারের এই নিম্নমুখী প্রবণতাকে স্বাভাবিক মূল্য সংশোধন হিসেবে দেখছেন। তাঁদের মতে, গতকাল সরকারি শেয়ার সরবরাহের ঘোষণার পর এটা স্বাভাবিক মূল্য সংশোধন। কেননা, এর আগে একটানা বেশ কয়েক দিন ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় ছিল পুঁজিবাজারে।বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ১৪.২৮ পয়েন্ট কমে ৬৬২৭.৭৫ পয়েন্টে দাঁড়ায়। তবে আজ সারা দিনে কয়েক দফা সূচক ওঠানামা করে।ডিএসই সূত্রে জানা যায়, নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিট পর সূচক ৪৯ পয়েন্ট কমে যায়। তবে ১৫ মিনিট পর সূচক ৪ পয়েন্ট বাড়লেও দুপুর ১২টায় সূচক ২১ পয়েন্ট কমে এবং বেলা সোয়া একটায় কমেছিল ৫৯ পয়েন্ট। এরপর বেলা সোয়া দুইটায় সূচক ঘুরে দাঁড়িয়ে ১২ পয়েন্ট বাড়লেও সূচকের নিম্নগামী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।আজ ডিএসইতে এক হাজার ৭২৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪৭ কেটি টাকা বেশি। গতকাল স্টক এক্সচেঞ্জটিতে এক হাজার ৬৮০ কোটি টাকার লেনদেন হয়।লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে ইউনাইটেড এয়ারওয়েজ, গ্রামীণফোন, সামিট পাওয়ার, এমআই সিমেন্ট, আরএন স্পিনিং, ম্যাকসন স্পিনিং, মালেক স্পিনিং, এনবিএল, গোল্ডেন সন ও তিতাস গ্যাস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩১.৩৮ পয়েন্ট কমে ১৮৯৭৮.৫৬ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ২০৩টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৮১টির, কমেছে ১১৬টির আর অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ১৯২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৬ কোটি টাকা বেশি।