সূচক কমেছে দুই বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিন ঊর্ধ্বমুখী থাকার পর আজ মঙ্গলবার সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচক কমেছে। তবে ডিএসইতে লেনদেন গতকালের চেয়ে সামান্য বেড়েছে। ডিএসই ওয়েব সাইট সূত্রে জানা যায়, আজ বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৩০ পয়েন্ট কমে ৪২৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ২০ মিনিটে সূচক গতকালের চেয়ে ২৯ পয়েন্ট বেড়েছিল। এরপর সূচক নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭২টিরই দাম কমেছে, বেড়েছে ৭৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ ডিএসইতে ৪৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা বেশি।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানগুলো হলো—ইউনাইটেড এয়ার, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, এনভয় টেক্সটাইল, আরএন স্পিনিং, ইউনিক হোটেল, জেনারেশন নেক্সট ফ্যাশন, বেক্সিমকো, ডেসকো, সায়হাম কটন ও সানলাইফ ইনস্যুরেন্স।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩২৮৪ পয়েন্টে। সিএসইতে আজ ১৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাত বদল হয়েছে। এর মধ্যে ১৩৪টিরই দাম কমেছে, বেড়েছে ৪২টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ৪৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা কম।