সূচক কমেছে, বেড়েছে লেনদেন
সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেছে। তবে গতকালের চেয়ে লেনদেন বেড়েছে দুই বাজারে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৪০২১ পয়েন্টে। গতকালও সূচক কমেছিল ৬০ পয়েন্ট।
এর আগে সকাল সাড়ে ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতে সূচক ১৭ পয়েন্ট বাড়লেও এরপর নিম্নমুখী প্রবণতা শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১৪৪টির দাম বেড়েছে। কমেছে ১২৫টির, আর অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
ডিএসইতে আজ ৫২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১০৭ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৪১৪ কোটি টাকার লেনদেন হয়েছিল।
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৪৩৬ পয়েন্টে।
আজ সিএসইতে হাতবদল হওয়া ২৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৪টির দাম বেড়েছে। কমেছে ১১০টির, আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইর লেনদেন আজ ৪৪ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গতকালের চেয়ে আট কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৩৬ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়।
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল বস্ত্র খাতের কোম্পানি তাল্লু স্পিনিং। আজ এই প্রতিষ্ঠানের ১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, সিএমসি কামাল, জেনারেশন নেক্সট ফ্যাশন, বিএসসিসিএল, সায়হাম টেক্সটাইল, আরএন স্পিনিং, ইউনাইটেড এয়ার, গ্রামীণফোন, জেএমআই সিরিঞ্জ, বঙ্গজ প্রভৃতি।