সূচক কমেছে শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রাখতে পারল না দেশের পুঁজিবাজার। দুই স্টক এক্সচেঞ্জে আজ রোববার লেনদেনের শুরুতে সূচক বেশ খানিকটা বাড়লেও দিন শেষে তা কমে যায়। তবে ডিএসইতে মোট লেনদেন বেড়েছে।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে গত বৃহস্পতিবার বাজার স্থিতিশীল ফান্ড নামে একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া আরও বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয় গত সপ্তাহে। তবে বিনিয়োগকারীদের মধ্যে এতে পুরোপুরি আস্থা ফিরে না আসায় বাজার একটু বাড়লে নিজেদের কাছে থাকা শেয়ার বিক্রির চাপ বাড়িয়ে দেয়। ফলে বাজারে নিম্নমুখী অবস্থা তৈরি হয়। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ আরও বাড়লে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে বলে মনে করছেন বাজার-সংশ্লিষ্টরা।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৮.৪৬ পয়েন্ট কমে ৫৯০১.৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে।ডিএসইতে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। দুপুর ১২টা ১০ মিনিটে সূচক বেড়েছিল ৭৫ পয়েন্ট। এরপর সূচকের তীর নিম্নমুখী হয়। বেলা দুইটা ৩৫ মিনিটে সূচক ১২ পয়েন্ট কমে যায়, যা পরে অব্যাহত থাকে।ডিএসইতে লেনদেন হওয়া ২৬২ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ১০৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে ৪২৭ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬৬ কোটি টাকা বেশি।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে, লাফার্জ সুরমা সিমেন্ট, সামিট পাওয়ার, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, এমআই সিমেন্ট, বেক্সিমকো সিনথেটিকস, মালেক স্পিনিং, কেয়া কসমেটিকস, সিএমসি কামাল ও স্কয়ার ফার্মা।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৪.৯৭ পয়েন্ট কমে ১৬৬৪৩.৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯০টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৮৮টির, কমেছে ৯০টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৫৫ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩৫ কোটি টাকা কম।