ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা বা স্কিম ঘোষণার পরও দেশের শেয়ারবাজারে সপ্তাহজুড়ে দরপতন ঘটেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের সপ্তাহের চেয়ে অর্ধেকেরও বেশি কমে গেছে। সেই সঙ্গে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে প্রায় ৮৯ শতাংশেরই দাম কমেছে। ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১১ সালের নভেম্বর পর্যন্ত সময়ে যেসব বিনিয়োগকারী ১০ লাখ টাকা পর্যন্ত নিজের টাকা বিনিয়োগ করে তার বিপরীতে ঋণ নিয়েছেন তাঁদের জন্য এক বছরের সুদের ৫০ শতাংশ পর্যন্ত মওকুফের ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য দুই বছর নতুন আসা সব কোম্পানির শেয়ারের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে ২০ শতাংশ কোটা সংরক্ষণের ঘোষণা দেওয়া হয়েছে। গত রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজারসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার পর এই স্কিম ঘোষণা করেন। এরই মধ্যে স্কিম বাস্তবায়নের প্রক্রিয়া বা কাজও শুরু হয়ে গেছে। কিন্তু স্কিম ঘোষণার পরদিনই বাজারে বড় ধরনের দরপতন ঘটে। স্কিমে বড় বিনিয়োগকারীদের সুদ মওকুফ সুবিধার বাইরে রাখা হয়েছে। আর সেটি বাজারে নেতিবাচক প্রভাব ফেলে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। এই দরপতন ঠেকাতে মাঠে নামে ডিএসইর তদারকি দল। আর সপ্তাহের শেষদিনে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশসহ (আইসিবি) বেশকিছু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বিনিয়োগে এগিয়ে আসেন। এতে ওই দিন বাজারের মূল্যসূচক বাড়ে। তা সত্ত্বেও পুরো চূড়ান্ত যোগ-বিয়োগে সপ্তাহ শেষে বাজারের সবকটি সূচকই ছিল নেতিবাচক। সপ্তাহ শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের সপ্তাহের চেয়ে প্রায় ২০৯ পয়েন্ট বা ৪ দশমিক ৫৮ শতাংশ কমে দাঁড়িয়েছে চার হাজার ৩৪৫ পয়েন্টে। গত সপ্তাহে ঢাকার বাজারে ২৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২৪৪টিরই দাম কমেছে, বেড়েছে ১৮টির আর অপরিবর্তিত ছিল তিনটি কোম্পানির শেয়ারের দাম। সপ্তাহ শেষে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় এক হাজার ১৪৩ কোটি টাকা। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল প্রায় দুই হাজার ৪০০ কোটি টাকা। সেই হিসাবে এক সপ্তাহের ব্যবধানে মোট লেনদেন কমেছে এক হাজার ২৫৭ কোটি টাকা বা ৫২ দশমিক ৩৮ শতাংশ। একইভাবে গত সপ্তাহ শেষে দৈনিক গড় লেনদেন নেমে এসেছে প্রায় ২২৯ কোটি টাকায়। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৪৮০ কোটি টাকার বেশি। সেই হিসাবে এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর দৈনিক গড় লেনদেন ২৫১ কোটি টাকা বা ৫২ দশমিক ৩৮ শতাংশ কমে গেছে। যোগাযোগ করা হলে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস স্কুল বিভাগের শিক্ষক মোহাম্মদ মূসা বলেন, ‘সরকার ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য যে সুবিধা বা স্কিম ঘোষণা করেছে তার ফলে বাজারে নতুন অর্থপ্রবাহ বা ক্যাশ ফ্লো বাড়বে না। এ ছাড়া কখন, কীভাবে এসব সুবিধা কার্যকর করা হবে তা এখনো নিশ্চিত করা হয়নি। আমরা দেখলাম, সুদ মওকুফের দায়িত্বটি চাপিয়ে দেওয়া হয়েছে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোর ওপর। প্রতিষ্ঠানগুলো মওকুফের অর্থ কোথা থেকে বা কীভাবে জোগান দেবে, সেই ধারণা এখনো পাওয়া যায়নি। সব মিলিয়ে স্কিম থেকে তাৎক্ষণিক কোনো সুবিধা বিনিয়োগকারীরা পাচ্ছেন না। এটি বুঝতে পারায় স্কিম ঘোষণার পরও বাজারে ইতিবাচক কোনো প্রভাব পড়েনি।’ মূসা আরও বলেন, ‘স্কিম ঘোষণার কোনো ইতিবাচক প্রভাব দেখা না যাওয়ায় বাজার তার নিজ শক্তিতে কতটুকু ঘুরে দাঁড়াতে পারে সেটি দেখার জন্য এখন আমাদের অপেক্ষা করতে হবে। এ ছাড়া আগামীকাল সোমবার বড় একটি রাজনৈতিক কর্মসূচি রয়েছে। এই কর্মসূচির কোনো নেতিবাচক প্রভাব যাতে শেয়ারবাজারে না পড়ে, সে জন্য সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা থাকবে বলে ধারণা করা যায়। গত সপ্তাহের শেষদিনে তারই কিছুটা ইঙ্গিত ছিল।’এদিকে গত সপ্তাহ শেষে ঢাকার বাজারে শেয়ারের মূল্য আয় অনুপাতের গড় ভারিত্ব প্রায় ৬ দশমিক ১৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৯৫। আগের সপ্তাহে এটি ছিল ১১ দশমিক ৬৭।