সূচক নিম্নমুখী, তবে দাম বেড়েছে বেশিরভাগের
জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে স্বাভাবিক লেনদেন হয়েছে দেশের শেয়ারবাজারে। প্রতি দিনের মতো আজ মঙ্গলবারও নির্ধারিত সময়ে লেনদেন শুরু হয়। তবে ব্রোকারেজ হাউসগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি অন্য দিনের চেয়ে বেশ কম ছিল। দিনের লেনদেন শেষে দুই বাজারে মিশ্র প্রবণতা লক্ষ করা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুইই সামান্য বেড়েছে।ডিএসইর জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, প্রতিদিনের মতো আজও সকাল সাড়ে ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হয়। এসময়ের আগেই ডিএসইর সদস্য ব্রোকারেজ হাউসগুলোর মধ্যে ২১৩টি হাউস ডিএসইর ট্রেড সার্ভারে লগইন করায় নির্ধারিত সময়ে লেনদেন শুরু হয়।সিএসইর জনসংযোগ বিভাগের কর্মকর্তা সানজিদা পারভীন জানান, সিএসইতেও সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়ে স্বাভাবিক লেনদেন চলে।ডিএসইর সদস্য ব্রোকারেজ হাউস কাজী ইক্যুইটিজ লিমিটেডের অনুমোদিত প্রতিনিধি মো. মাসুদ জানান নির্ধারিত সময়ের আগেই তাঁদের হাউস ডিএসইর ট্রেড সার্ভারে লগইন করে। হাউসে বিনিয়োগকারীদের উপস্থিতি অনেক কম ছিল। তবে অনেকে ফোন করে খোঁজ খবর নেন এবং লেনদেনে সারেন বলে জানান তিনি।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক দশমিক ৬০ পয়েন্ট কমে ৪১৮৬.০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। দুপুর ১২টার দিকে ৩৬ পয়েন্ট কমে যায়। আর বেলা দুইটার দিকে সূচক ১৬ পয়েন্ট বেড়েছিল। এভাবে বেশ কয়েকবার ওঠানামা করে সূচক। আজ ডিএসইতে মোট ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৩টিরই দাম বেড়েছে। কমেছে ৬৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ১৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৬ কোটি টাকা কম।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ার, এনবিএল, বিএসসিসিএল, আফতাব অটো, যমুনা অয়েল, বেক্সিমকো, আমরা টেকনোলজিস, আরএন স্পিনিং, গ্রামীণ ফোন।অন্যদিকে, দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৫১৩ পয়েন্টে। সিএসইতে আজ ১৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৯টিরই দাম বেড়েছে। কমেছে ৫৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ২৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা বেশি।