সূচক নিম্নমুখী, লেনদেনও কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঙাভাবের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে আজ বৃহস্পতিবার লেনদেন চললেও শেষ হয়েছে দরপতনের মধ্য দিয়ে। দিন শেষে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। ফলে সূচকের পতন হয়েছে। একই সঙ্গে দুই বাজারে লেনদেনও কমেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকাল বুধবারের চেয়ে ৫০ পয়েন্ট কমে ৪৬৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টায় সূচক গতকালের চেয়ে ৪৮ পয়েন্ট বেড়েছিল। এরপর থেকে সূচক কমতে থাকে। সূচক কমার এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৭১টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩০টির দাম বেড়েছে, কমেছে ১৩২টির আর অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ ৯৪৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২২৬ কোটি টাকা কম।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, আরএন স্পিনিং, তিতাস গ্যাস, আফতাব অটো, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিএসসিসিএল, কেয়া কসমেটিকস, ইউনিক হোটেল, ইউসিবিএল ও বিকন ফার্মা প্রভৃতি।অন্যদিকে, বেলা আড়াইটায় লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৮৪ পয়েন্ট কমে ১৪৩৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ১৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৮০টির দাম বেড়েছে, কমেছে ১১২টির আর অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ১০৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২২ কোটি টাকা কম।