সূচক নয়, কোম্পানি দেখে বিনিয়োগ করুন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম বিনিয়োগকারীদের উদ্দেশে বলেছেন, ‘সূচক দেখে নয়, বরং কোম্পানি দেখে বিনিয়োগ করুন। বুঝে-শুনে কোম্পানির মৌল ভিত্তি দেখে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করলে ঝুঁকি অনেক কমে আসবে। বিনিয়োগকারীরাও লাভবান হবেন।’ আহসানুল ইসলাম বলেন, ‘শেয়ারবাজারের ধর্মই ওঠানামা করা। কখনো উঠবে আবার কখনো নামবে।’ এ ক্ষেত্রে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করলে ফলাফল ভালো হবে বলে মন্তব্য করেন তিনি।আহসানুল ইসলাম বলেন, ‘বাজারে স্থিতিশীলতা ফেরাতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (এসইসি) সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল মঙ্গলবার এসইসি মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করেছে। আজ ডিএসইর বোর্ড মিটিং রয়েছে। সেখান থেকে একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি করে তার যৌক্তিকতা বিবেচনা করে এসইসি, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। প্রয়োজনে প্রস্তাবনাটি সরকারপ্রধানের কাছেও পাঠানো হবে।’বিনিয়োগকারীদের প্রতিবাদ কর্মসূচি সম্পর্কে ডিএসইর এই কর্মকর্তা প্রথম আলোকে জানান, প্রতিবাদ হতে পারে, তবে তা শান্তিপূর্ণ হতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে বা কারও পথ রোধ করে নয়।শেয়ারবাজারে দরপতনের প্রতিবাদে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন বিনিয়োগকারীরা। সর্বশেষ গত রোববার থেকে তাঁরা ডিএসইর সামনের সড়কে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন। এতে মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বাজারে স্থিতিশীলতা ফেরাতে সরকারের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন বিনিয়োগকারীরা।এদিকে বিনিয়োগকারীদের আন্দোলনের মুখে গতকাল সূচক বাড়লেও আজ শুরু থেকেই সূচকের ওঠানামা লক্ষ করা যাচ্ছে।