সূচক পতন অব্যাহত
গতকালের মতো আজ বুধবারও সূচক পতনের মধ্যে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। তবে দুই বাজারেই সূচক কমেছে। এর আগে দিনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে লেনদেন হয়েছিল দুই বাজারে।এদিকে বাজারে স্থিতিশীলতা ফেরানোর দাবিতে আজও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল ভবনের সামনে একদল বিনিয়োগকারী বিক্ষোভ করেছেন। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে তাঁরা বিক্ষোভ শুরু করেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকালের ন্যায় আজও সূচক পতনের মধ্যে লেনদেন শেষ হলে বেশ কিছু বিনিয়োগকারী ডিএসইর সামনে জড় হয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁরা বাজারে স্থিতিশীলতা ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন। এ সময় এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন, ডিএসইর সভাপতি রকিবুর রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালীর বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন বিক্ষোভকারীরা। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৪ পয়েন্ট কমে ৪১৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে বেলা সাড়ে ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হয়। এর আগে বেলা সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। বেলা ১১টায় সূচক গতকালের চেয়ে ৩৮ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক কমতে শুরু করে, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৬টির দাম বেড়েছে। কমেছে ১১০টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ স্টক এক্সচেঞ্জটিতে ২৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৫ কোটি টাকা বেশি।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, তিতাস গ্যাস, যমুনা অয়েল, ইউনিক হোটেল, বিএসসিসিএল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আরএন স্পিনিং, সিএমসি কামাল, বেক্সিমকো ও গ্রামীণফোন ।অন্যদিকে, দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৬৫০ পয়েন্টে। সিএসইতে আজ ১৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৯১টির দাম কমেছে। বেড়েছে ৬৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ২৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা বেশি।