সূচক পতন অব্যাহত ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে
সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবারও সূচক পতন অব্যাহত রয়েছে দেশের শেয়ারবাজারে। লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচক কমেছে। পাশাপাশি লেনদেন কমেছে দুই বাজারে।
ডিএসইতে সূচক কমেছে ৪০ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৪১৬ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। নিম্নমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৭টির দাম কমেছে, বেড়েছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৩০৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৭২ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৩৭৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে স্কয়ার ফার্মা
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মা। আজ প্রতিষ্ঠানটির ১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, হা ওয়েল টেক্সটাইল, মতিন স্পিনিং, পদ্মা অয়েল, ইস্টার্ন হাউজিং, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, হেইডেলবার্গ সিমেন্ট প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।
সিএসইতে সূচক কমেছে ৯৮ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক ও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৬৫৭ পয়েন্টে।
সিএসইতে আজ ২১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪১টির দাম কমেছে, বেড়েছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১১ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।