দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। আজ লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসই সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৬৮ পয়েন্ট বেড়ে ৪,৭০০ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক গতকালের চেয়ে ৪৬ পয়েন্ট বেড়ে যায়। ১০ মিনিটে বাড়ে ৬৩ পয়েন্ট। আধা ঘণ্টায় বাড়ে ৮১ পয়েন্ট। তবে একটু কমে একটার দিকে সূচক বাড়ে ৪৬ পয়েন্ট। আজ লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ২২০টির দাম, কমেছে ২৫টির আর অপরিবর্তিত আছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ১৮৭ কোটি টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ৪৮ কোটি টাকা কম।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো— গ্রামীণফোন, লঙ্কাবাংলা ফিন্যান্স, সিটি ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, বেক্সিমকো, ফার্স্ট লিজ ফিন্যান্স. অ্যান্ড ইনভেস্টমেন্ট লি., পদ্মা অয়েল এবং পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স. সার্ভিসেস লি.।