সূচক বাড়লেও কমে গেছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ছয় দিন দরপতনের পর দেশের শেয়ারবাজারে গতকাল বুধবার মূল্যসূচক বেড়েছে। কিন্তু সূচক বাড়লেও দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন কমে গেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল ৬৯ পয়েন্ট বা প্রায় দেড় শতাংশ বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক এ দিন ১ দশমিক ১৬ শতাংশ বা ১৬১ পয়েন্ট বেড়েছে। মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়েই গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। প্রথম ৩০ মিনিটেই ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৮০ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক কমতে থাকে। লেনদেনের শেষ ঘণ্টায় গিয়ে তা আবার ঊর্ধ্বমুখী হয়। ততক্ষণে বাজারে খবর ছড়িয়ে পড়ে ন্যূনতম শেয়ারধারণ-সংক্রান্ত আদালতের রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাবে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এই রায়ের কপি পাওয়ার পর প্রধান বিচারপতির বিবেচনাধীন থাকা অপর পাঁচটি রিটের ভাগ্য নির্ধারিত হবে। এসইসির ২ সিসি ক্ষমতাকে চ্যালেঞ্জ করে এসব রিট দায়ের করেন তালিকাভুক্ত বেশ কয়েকটি কোম্পানির পরিচালকেরা।এ ছাড়া এসইসি এত দিন ধরে বলে আসছিল, রায়ের কপি হাতে পাওয়ার পর আদালতের নির্দেশনার আলোকে ন্যূনতম শেয়ারধারণ-সংক্রান্ত নির্দেশনা পরিপালনের উদ্যোগ নেওয়া হবে। জানা গেছে, গতকাল বিকেলে এসইসি রায়ের কপি সংগ্রহ করেছে। এখন সংস্থাটি নির্দেশনা পরিপালনে কী পদক্ষেপ নেয় সেদিকেই বিনিয়োগকারীসহ বাজারসংশ্লিষ্ট সবার নজর।এদিকে, আদালতসংক্রান্ত খবর গতকাল শেষ ঘণ্টায় বাজারে কিছুটা হলেও ইতিবাচক প্রভাব ফেলে। এ কারণে দিন শেষে সূচক ছিল ঊর্ধ্বমুখী। বাজার পরিস্থিতি সম্পর্কে আইডিএলসি ইনভেস্টমেন্টসের গতকালের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বাজারের ঊর্ধ্বগতির পেছনে বিনিয়োগকারীদের এক ধরনের ‘আশা’ কাজ করেছে। তাঁদের ধারণা, তালিকাভুক্ত কোম্পানির যেসব উদ্যোক্তা-পরিচালকেরা শেয়ার কেনার জন্য সময় চেয়ে এসইসিতে আবেদন করেছেন, তাঁদের সেসব আবেদন বিবেচনা করা হবে। সে ক্ষেত্রে এসইসি যদি ওই সব উদ্যোক্তা-পরিচালককে শেয়ার কেনার জন্য কিছু সময় বাড়িয়ে দেয়, তাহলে বাজারে চাহিদা কিছুটা হলেও বাড়বে। এ ছাড়া বিনিয়োগকারীদের আরেকটি অংশ মনে করছে, টানা দরপতনের ফলে শেয়ারের বেশ মূল্য সংশোধন হয়েছে। তাই তাদের একটি অংশ বাজারে সক্রিয় হয়েছে, যারা এত দিন নিষ্ক্রিয় ছিল। এই দুইয়ের ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে। ঢাকার বাজারে বুধবার ২৫৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২২০টির দাম বেড়েছে, কমেছে ২৫টির আর অপরিবর্তিত ছিল মাত্র ১৪টির দাম। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৭০০ পয়েন্টে। এ দিন ঢাকার বাজারে প্রায় ১৮৭ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ৪৯ কোটি টাকা কম।চট্টগ্রামের বাজারে বুধবার ১৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৪১টির দাম বেড়েছে, কমেছে মাত্র ২৬টির আর অপরিবর্তিত ছিল আটটির দাম। এ দিন সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৪ হাজার ৫৭ পয়েন্টে। দিন শেষে চট্টগ্রামের বাজারে গতকাল প্রায় ৩০ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় এক কোটি টাকা কম।