সূচক বাড়লেও কমেছে লেনদেন
দেশের শেয়ারবাজারে গতকাল বুধবার মূল্যসূচক বাড়লেও লেনদেন কমেছে। এর ফলে টানা তিন কার্যদিবসের পর বাজারের সূচক বাড়ল। অর্থ মন্ত্রণালয়ের বৈঠকের খবরটি গতকালের বাজারের ঊর্ধ্বগতির পেছনে বড় ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে গতকাল বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠক করেন। সেখানে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হয়। আর বৈঠকের খবরটি আগে থেকেই বাজারে ছড়িয়ে পড়ে।গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ৮৪ আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ৮৩ শতাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।যোগাযোগ করা হলে ডিএসইর সভাপতি শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, গত তিন দিন বাজারে মূল্যসূচক কমলেও ক্রেতা উপস্থিতি বেশ ভালোই ছিল। এতে বোঝা যাচ্ছে, শেয়ারের দাম বিনিয়োগকারীদের মধ্যে ধীরে ধীরে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি করছে। পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ের বৈঠকের খবরটিও বাজারে ইতিবাচক ভূমিকা রেখেছে। দিনশেষে ডিএসইর সাধারণ সূচক প্রায় ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ২৪৬ পয়েন্টে। দিনশেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২২৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় চার কোটি টাকা কম। সিএসইর সার্বিক মূল্যসূচক গতকাল প্রায় ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ১১৩ পয়েন্টে। দিনশেষে গতকাল সিএসইতে প্রায় ২৮ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে এক কোটি টাকা কম।