সূচক বাড়লেও কমেছে লেনদেন
দেশের পুঁজিবাজারে আজ সোমবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচক বেড়েছে। তবে দুই বাজারেই লেনদেন কমেছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে ৪৪৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক গতকালের চেয়ে ৩৮ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কিছুটা কমলেও পৌনে একটায় আবার ৩৯ পয়েন্ট বেড়েছিল। আজ ডিএসইতে মোট ২৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭২টির দাম বেড়েছে, কমেছে ৮৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এই স্টক এক্সচেঞ্জে আজ ৫৩০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৬১ কোটি টাকা কম।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, বিএসসিসিএল, তিতাস গ্যাস, আমরা টেকনোলজিস, বেক্সিমকো, ইউনিক হোটেল, আরএন স্পিনিং, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ প্রভৃতি।অন্যদিকে, দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩৩ পয়েন্ট বেড়ে ১৩৬৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ১৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১০০টির দাম বেড়েছে, কমেছে ৮৩টির আর অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ৬৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ছয় কোটি টাকা কম।