সূচক বাড়লেও দিনশেষে কমে গেছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে গতকাল বুধবার দিনশেষে মূল্যসূচক সামান্যই বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে প্রায় ১৩ পয়েন্ট বেড়ে হয়েছে প্রায় পাঁচ হাজার ২২৭ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক প্রায় ৪৭ পয়েন্ট বেড়ে হয়েছে প্রায় ১৫ হাজার ২৮৫ পয়েন্ট। তবে মূল্যসূচক বাড়লেও দুই বাজারে দিনশেষে লেনদেনের পরিমাণ কমেছে। দিনের শুরুতে অবশ্য দুই বাজারেই সূচক ও লেনদেনের বেশ ঊর্ধ্বগতি ছিল। মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়েই ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। প্রথম ঘণ্টাতেই ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে শতাধিক পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৩১৫ পয়েন্টে ওঠে। এটিই ছিল এদিন ডিএসইতে সূচকের সর্বোচ্চ অবস্থান। এরপর সূচক কমতে শুরু করে। একপর্যায়ে লেনদেন শেষ হওয়ার পাঁচ মিনিট আগে তা ঋণাত্মক হয়ে যায়। কিন্তু শেষ কয়েক মিনিটে তা আবারও ঊর্ধ্বমুখী হয়ে যায়। বাজারের আচরণ সম্পর্কে সিএসইর সাবেক সভাপতি ফখরুদ্দিন আলী আহমেদ প্রথম আলোকে বলেন, গতকাল দিনের শুরুতে অনেক বিনিয়োগকারী নতুন করে বিনিয়োগ করেছেন। এ কারণে দিনের প্রথম ঘণ্টায় সূচক ও লেনদেনের বেশ ঊর্ধ্বগতি চোখে পড়েছে। একই সঙ্গে দুপুরের পর বিনিয়োগকারীদের আরেকটি অংশ মুনাফা তুলে নিতে শুরু করে। এতে শেষ ঘণ্টায় গিয়ে সূচক কমতে দেখা গেছে। ফখরুদ্দিন আরও বলেন, মাস খানেক আগেও যাঁরা বাজারে নতুন করে বিনিয়োগ করেছিলেন এরই মধ্যে তাঁদের বড় অঙ্কের মুনাফা হয়েছে। তাই স্বাভাবিকভাবেই বাজারের ঊর্ধ্বগতির সঙ্গে সঙ্গে একশ্রেণীর বিনিয়োগকারীর মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা বাড়বে এটিই স্বাভাবিক। এ ছাড়া শেয়ারের দাম বাড়তে থাকায় বিনিয়োগকারীদের আরেক অংশ শেয়ার বিক্রি না করে ধরে রাখছেন। এর ফলে মাঝেমধ্যে লেনদেন কমে যাচ্ছে। ঢাকার বাজারে বুধবার ২৬১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৩৯টিরই দাম বেড়েছে, কমেছে ১০৬টির আর অপরিবর্তিত ছিল ১৬টি কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে ডিএসইতে ৮৫১ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৭৮ কোটি টাকা কম। আগের দিনের মতো গতকালও ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল টেলিকম খাতের কোম্পানি গ্রামীণফোন। এদিন এককভাবে কোম্পানিটির প্রায় ৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। আর দিনশেষে দাম বেড়েছে প্রায় ছয় টাকা ৪০ পয়সা। সিএসইতে গতকাল ১৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ৮২টির আর অপরিবর্তিত ছিল ১৬টি কোম্পারি শেয়ারের দাম। দিনশেষে চট্টগ্রামের বাজারে প্রায় ৭৪ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় তিন কোটি টাকা কম।