দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার দিনের শুরুতে সূচক বৃদ্ধিতে তীব্রতা দেখা গেলেও দিনের শেষে তা ম্লান হয়ে গেছে। যদিও ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনের পরিমাণ বেড়েছে এবং লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও বেড়েছে। পাশাপাশি বেড়েছে সূচকও। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিনের শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গত বৃহস্পতিবারের চেয়ে ৮২ পয়েন্ট বেড়ে ৪,৬২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সকালে শুরু থেকেই ডিএসইতে সূচক ছিল তীব্র ঊর্ধ্বমুখী। প্রথম ছয় মিনিটে সূচক ১২১ পয়েন্ট বেড়ে যায়। এরপর ১৮ মিনিটের সময় সূচক বাড়ার হার দাঁড়ায় ১০০ পয়েন্ট। তবে একটু কমে গেলেও ১০০ পয়েন্টের ওপরেই ছিল সূচক বৃদ্ধির হার। আধা ঘণ্টা শেষে সূচক বৃদ্ধির হার ছিল ১১৬ পয়েন্ট। দুই ঘণ্টা শেষে আরও বেড়ে সূচক বৃদ্ধির হার দাঁড়ায় ১৩৬ পয়েন্ট। কিন্তু দিন শেষে সূচক বাড়ার হার ১০০ পয়েন্টের নিচে নেমে যায়।ডিএসইতে আজ মোট ২৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ২২৬টির দাম বেড়েছে, কমেছে ২৬টির আর অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৪০৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে প্রায় ৩৩ কোটি টাকা বেশি।দিনের শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: বেক্সিমকো, গ্রামীণফোন, সামিট পাওয়ার, তিতাস গ্যাস, ইউনাইটেড এয়ারওয়েজ, যমুনা অয়েল, কেয়া কসমেটিকস, গোল্ডেন সন, এমআই সিমেন্ট এবং ফুওয়াং ফুড।