সূচক বেড়েছে দুই স্টক এক্সচেঞ্জে
সূচকের ইতিবাচক প্রবণতায় আজ বুধবার শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে। তবে লেনদেন কমেছে দুই বাজারে।
ডিএসইতে সূচক বেড়েছে ৯ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪১১ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা ১১টা ৫৫ মিনিটে সূচক ৩৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমলেও শেষ পর্যন্ত ইতিবাচক প্রবণতায় থাকে।
ডিএসইতে আজ ২৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২১টির দাম বেড়েছে, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৪৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৫ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৪৫২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
সিএসইতে সূচক বেড়েছে ৩১ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৫৯৪ পয়েন্টে।
সিএসইতে আজ ২০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৮টির দাম বেড়েছে, কমেছে ৮১টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ২৭ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে তিন কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে লাফার্জ সুরমা সিমেন্ট
গতকালের মতো আজও ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। আজ এই প্রতিষ্ঠানের ৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, এমজেএল বিডি, বিএসআরএম স্টিল, জেনারেশন নেক্সট ফ্যাশন, ইস্টার্ন হাউজিং, বিএসসিসিএল, মেঘনা পেট্রোলিয়াম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।