সূচক বেড়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ বুধবার শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে কিছুটা মিশ্র অবস্থা বিরাজ করছে। ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও কমেছে সিএসইতে। তবে দুই বাজারেই সূচক বেড়েছে।
ডিএসইতে সূচক বেড়েছে ৭ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৫৯৪ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে সূচক ২৫ পয়েন্ট বেড়ে যায়। তবে বেলা একটার দিকে সূচক কমেছিল ১৬ পয়েন্ট। এরপর আবার ইতিবাচক ধারায় যায় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪০টির দাম বেড়েছে, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৫৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৯১ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৬২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে লাফার্জ সুরমা সিমেন্ট
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। আজ এ প্রতিষ্ঠানের ৭৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া গ্রামীণ ফোন, হেইডেলবার্গ সিমেন্ট, পদ্মা অয়েল, অলিম্পক ইন্ডাস্ট্রিজ, মেঘনা পেট্রোলিয়াম, স্কয়ার ফার্মা, এবি ব্যাংক, বিএসসি, গোল্ডেন সন প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।
সিএসইতে সূচক বেড়ে ২৬ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ১৬৪ পয়েন্টে।
সিএসইতে আজ ২২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১০২টির দাম বেড়েছে, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ৩৮ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১২ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।