সূচক বেড়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ইতিবাচক প্রবণতায় আজ বুধবার শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন। লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে। তবে লেনদেন কমেছে দুই বাজারে।

ডিএসইতে সূচক বেড়েছে ১২ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৫৭৫ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৫টির দাম বেড়েছে, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৪১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৯ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৪৪৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে গ্রামীণফোন
গতকালের মতো আজও ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। আজ এ প্রতিষ্ঠানের ৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া অ্যাপোলো ইস্পাত, অ্যাকটিভ ফাইন, মেঘনা পেট্রোলিয়াম, গোল্ডেন সন, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মতিন স্পিনিং, লাফার্জ সুরমা সিমেন্ট, হেইডেলবার্গ সিমেন্ট প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।

সিএসইতে সূচক বেড়েছে ৪৪ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ১০১ পয়েন্টে।
সিএসইতে আজ ২২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৭টির দাম বেড়েছে, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ৩০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।