সূচক বেড়েছে দুই বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। আজ সোমবার বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচক বেড়েছে। একই সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ৪০৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। আধা ঘণ্টা শেষে সূচক তিন পয়েন্ট কমলেও এরপর থেকে বাড়তে শুরু করে। সূচক বাড়ার এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৫টির দাম বেড়েছে, কমেছে ৫৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ২৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২১ কোটি টাকা বেশি। ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, ডেল্টা স্পিনিং, এমআই সিমেন্ট, জেনারেশন নেক্সট ফ্যাশন, এনভয় টেক্সটাইল, বেক্সিমকো, বিএসসিসিএল, কনফিডেন্স সিমেন্ট ও আরএন স্পিনিং।অন্যদিকে, দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৮৩২ পয়েন্টে। সিএসইতে আজ ১৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১১৩টির দাম বেড়েছে, কমেছে ৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২২ কোটি ৯০ লাখ টাকায়, যা গতকালের চেয়ে সামান্য কম।