সূচক বেড়েছে পুঁজিবাজারে
চার দিন সূচক পতনের পর আজ বুধবার দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দুই বাজারেই আজ সূচক বেড়েছে। তবে লেনদেন সামান্য কমেছে। তবে শুরুতে বেশ কয়েকবার সূচক ওঠানামা করে।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন গত চার দিন দরপতনের ফলে শেয়ারের দাম অনেক নিচে নেমে এসেছে। ফলে অনেক বিনিয়োগকারী ক্রেতার ভূমিকায় ছিল। ফলে বেশির ভাগ কোম্পানির দাম বেড়ে যায়।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬৫.৭২ পয়েন্ট বেড়ে ৫২২২.২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ৩৩ পয়েন্ট বেড়ে যায়। তবে ২৫ মিনিটে সূচক ৩৬ পয়েন্ট কমে যায়। এর পর থেকে সূচকের তীর ঊর্ধ্বমুখী হয়, যা দিনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২২৭টিরই দাম বেড়েছে। কমেছে ২৮টির আর অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ৪০৫ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা কম।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো আরএন স্পিনিং, গ্রামীণফোন, এনবিএল, বিকন ফার্মা, বেক্সিমকো, জাহিন টেক্স, লাফার্জ সুরমা সিমেন্ট, কেয়া কসমেটিকস, ইউনাইটেড এয়ার ও সোস্যাল ইসলামী ব্যাংক।এদিকে আজ সবচেয়ে বেশি বেড়েছে ন্যাশনাল হাউসিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারের দাম। এ ছাড়া ডিবিএইচ, ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, স্ট্যান্ডার্ড সিরামিকস, স্টাইল ক্র্যাফট, ডেল্টা স্পিনিং, তাকাফুল ইনস্যুরেন্স, সিনোবাংলা, এইচআর টেক্সটাইল ও মিথুন নিটিং দাম বৃদ্ধিতে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৬২.৭৮ পয়েন্ট বেড়ে ১৪৮৪৯.৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৬টিরই দাম বেড়েছে। কমেছে ৩৫টির আর অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৪৩ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকার কম।