সূচক-লেনদেন ইতিবাচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজার কোটি টাকার লেনদেন দিয়ে শেয়ারবাজারে আরেকটি বছর শেষ হলো। শেয়ারবাজারে গতকাল বৃহস্পতিবার ছিল ২০১৬ সালের শেষ কার্যদিবস। শেয়ারবাজারে ২০১৬ সালটি শেষ হলো প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সের ৫ হাজার পয়েন্টের অবস্থান দিয়ে।
২০১৪ সালের নভেম্বরের পর গত মঙ্গলবার ডিএসইএক্স সূচকটি পুনরায় ৫ হাজার পয়েন্টের ‘মনস্তাত্ত্বিক সীমা’ অতিক্রম করে। এরপর গত বুধ ও বৃহস্পতিবার ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে। 
শেয়ারবাজার-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সূচক যখন মনস্তাত্ত্বিক সীমা ছাড়িয়ে যায় তখন বিনিয়োগকারীদের অনেকে নতুন করে আশাবাদী হয়ে ওঠেন। নিষ্ক্রিয় বিনিয়োগকারীদের অনেকে সক্রিয় হন। তাতে বাজারে গতি সঞ্চার হয়।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের এ মতামতকে বিবেচনায় নিলে বলা চলে, নতুন করে আশা জাগিয়ে আরেকটি বছর শেষ হয়েছে শেয়ারবাজারে। এখন নতুন বছরটি নতুন প্রত্যাশায় শুরু হওয়ার অপেক্ষা। কথায় বলে ‘শেষ ভালো যার সব ভালো তার’। বছরের দীর্ঘ সময়জুড়ে প্রাণহীন থাকা শেয়ারবাজারে বছরের শেষ সময়ে এসে কিছুটা গতি দেখা গেছে, যা বছরের খারাপ সময়কে খানিকটা হলেও ভুলিয়ে দিয়েছে বিনিয়োগকারীদের।
এদিকে, শেষ কার্যদিবসে গতকালও ঢাকার বাজারে লেনদেনের শীর্ষস্থানটি ধরে রেখেছে ইফাদ অটোস। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ারের ২০ পয়সা দাম কমলেও লেনদেন হয়েছে প্রায় ২৬ কোটি টাকার শেয়ার। দিন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে প্রায় ১০০ টাকায়।
তবে বছরের শেষ দিনটিতে ডিএসইর মূল্যবৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির তালিকাটির দিকে তাকালে সেটি মোটেই সুখকর বা স্বস্তিদায়ক নয় বিনিয়োগকারীর জন্য। কারণ অপেক্ষাকৃত দুর্বল মৌলভিত্তির কোম্পানিরই প্রাধান্য ওই তালিকায়।
মূল্যবৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির তালিকার প্রথমে ছিল ফাইন ফুডস। বৃহস্পতিবার কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ২ টাকা ১০ পয়সা বা প্রায় ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৪ টাকায়। কোম্পানিটির সাম্প্রতিক অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ খতিয়ে দেখতে গত ২২ ডিসেম্বর তদন্ত কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যে দরবৃদ্ধি নিয়ে নিয়ন্ত্রক সংস্থার সন্দেহের বিষয়টি তদন্ত কমিটি গঠনের মাধ্যমে বিনিয়োগকারীদের জানানো হয়েছে।
গতকাল ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ ১০-এ অন্য যেসব কোম্পানি ছিল—ইউনিয়ন ক্যাপিটাল, তুংহাই নিটিং, জাহিন স্পিনিং, ফ্যামিলিটেক্স, জেনারেশন নেক্সট, ডেলটা স্পিনিং, ইন্টারন্যাশনাল লিজিং, বিডি ফিন্যান্স ও সিএনএ টেক্সটাইল।
গতকাল ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১ হাজার ৭১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৩৩ কোটি টাকা বেশি।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি গতকাল ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৭৮ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৭৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৩ কোটি টাকা বেশি।