সূচক শুরুতে বাড়লেও শেষে কমেছে
দেশের পুঁজিবাজারে আজ সোমবারও দরপতন হয়েছে। দুটি স্টক এক্সচেঞ্জেই বেশির ভাগ শেয়ারের দাম কমায় সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সামান্য বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঈদের ছুটির পর গতকাল রোববার পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। তবে আজও বাজারে বিনিয়োগকারীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। আর এই বিষয়টিই নিম্নমুখী প্রবণতার অন্যতম কারণ বলে মনে করছেন তাঁরা।এদিকে আজও মতিঝিলের বিভিন্ন ব্রোকারেজ হাউস ঘুরে বিনিয়োগকারীদের উপস্থিতি অনেক কম দেখা যায়। ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৫১ দশমিক ২৮ পয়েন্ট কমে ৬১৪১ দশমিক ৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটের মাথায় সূচক পাঁচ পয়েন্টের মতো বাড়ে। তবে আধা ঘণ্টা পর সূচক ২১ পয়েন্ট কমে যায়। দুপুর ১২টার দিকে সূচক কিছুটা ঘুরে দাঁড়ালেও সূচক কমার প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে মাত্র ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম, কমেছে ২০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৭২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৬৭ কোটি টাকা বেশি।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে তিতাস গ্যাস, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, মেঘনা পেট্রোলিয়াম, বেক্সিমকো, সিটি ব্যাংক, মালেক স্পিনিং, যমুনা অয়েল, গ্রামীণফোন ও ওয়ান ব্যাংক।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৭৭ দশমিক ৪৭ পয়েন্ট কমে ১৭৪০৮ দশমিক ৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে।সিএসইতে আজ মোট ১৭৭টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৬টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা কম।