সূচক সামান্য কমেছে দুই বাজারেই
সূচকের নিম্নমুখী প্রবণতায় আজ বৃহস্পতিবার শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচক সামান্য কমেছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
ডিএসইতে ৩২৩ কোটি টাকার লেনদেন
লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক দশমিক ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪,৪৩০.৪৭ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। এরপর একাধিকবার ওঠানামা করে সূচক।
ডিএসইতে আজ ২৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৩টির দাম বেড়েছে, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৩২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৩২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে লাফার্জ সুরমা সিমেন্ট
গতকালের মতো আজও ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। আজ এ প্রতিষ্ঠানের ৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া স্কয়ার ফার্মা, প্রাইম ব্যাংক, হেইডেলবার্গ সিমেন্ট, মার্কেন্টাইল ব্যাংক, গ্রামীণফোন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এসিআই, ইস্টার্ন হাউজিং, বিএসআরএম স্টিল প্রভৃতি লেনদেনের শীর্ষে ছিল।
সিএসইতে ১৯ কোটি টাকার লেনদেন
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসইতে) সূচক কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৬৬৮ পয়েন্টে।
সিএসইতে আজ ২১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৭২টির দাম বেড়েছে, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ সিএসইতে ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে তিন কোটি টাকা কম। গতকাল এই বাজারে ২২ কোটি টাকার লেনদেন হয়।