সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারে সূচক সামান্য বেড়েছে। তবে দুই বাজারেই এদিন লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমে গেছে। দিন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় দেড় পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৭৮ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি এদিন ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৪ হাজার ৭০ পয়েন্টে।
ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে টানা চার দিনই ঢাকার বাজারে সূচক বেড়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ছিল ৪ হাজার ৫২৫ পয়েন্টে। গতকাল লেনদেন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৭৮ পয়েন্টে। সেই হিসাবে চার কার্যদিবসে ডিএসইএক্স ৫৩ পয়েন্ট বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে দৈনিক লেনদেন ঘুরপাক খেয়েছে সর্বনিম্ন ৩৭৮ থেকে সর্বোচ্চ ৫০৩ কোটি টাকার মধ্যে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সামগ্রিকভাবে সূচকের এখন বড় ধরনের কোনো উত্থান-পতন নেই। কারণ, এখন একসঙ্গে সব শেয়ারের দামের তেমন একটা উত্থান-পতন ঘটছে না। বাজারে এখন শেয়ারের দামের ওঠানামা হচ্ছে মূলত কোম্পানির প্রকাশিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে। সংশ্লিষ্ট ব্যক্তিরা এ-ও বলছেন, বাজারে এখন সাধারণ বিনিয়োগকারীর অংশগ্রহণ খুব কম। বিভিন্ন কোম্পানির শেয়ারে সাধারণ বিনিয়োগকারীর অংশ কমে যাচ্ছে। তার বিপরীতে প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগকারীর অংশ বাড়ছে।
ঢাকার বাজারে গতকাল ৩২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৬৮টিরই দাম কমেছে, বেড়েছে ১০৯টির আর অপরিবর্তিত ছিল ৪৮টির। দিন শেষে বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল তিতাস গ্যাস। এদিন এককভাবে রাষ্ট্র খাতের এ কোম্পানির প্রায় ৩০ কোটি টাকার সমমূল্যের শেয়ার লেনদেন হয়। দিন শেষে প্রতিটি শেয়ারের দাম পৌনে ৩ শতাংশ বা ১ টাকা ৪০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৫২ টাকা ৬০ পয়সায়। লেনদেনের দ্বিতীয় অবস্থানে ছিল রাষ্ট্র খাতের আরেক কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেব্ল। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ২ শতাংশ বা ২ টাকা ৩০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১১৬ টাকা ৩০ পয়সায়। ঢাকার বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৪৩ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ৯ কোটি টাকা কম।