সূচক ২২ মাসের মধ্যে সর্বনিম্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে আবারও বড় দরপতন হয়েছে। গতকাল রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমেছে প্রায় ২৩২ পয়েন্ট। এই দরপতনে ঢাকার বাজারে সাধারণ মূল্যসূচক প্রায় ২২ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে চলে গেছে। গতকাল ডিএসইর সাধারণ সূচক নেমে এসেছে পাঁচ হাজার ৭৭ পয়েন্টে। এর আগে ২০১০ সালের ২০ জানুয়ারি এটি ছিল চার হাজার ৯৯৯ পয়েন্ট। চলতি বছরের জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে বাজারে দ্বিতীয় দফা ধস শুরু হয়। এর আগে গত ডিসেম্বর থেকে শুরু হওয়া প্রথম দফা ধসের সময় গত ২৮ ফেব্রুয়ারি সূচক পাঁচ হাজার ২০২ পয়েন্টে নেমে এসেছিল। এরপর সেখান থেকে বেড়ে গত জুলাই মাসে ডিএসইর সূচক আবারও ছয় হাজার ৭১০ পয়েন্টে ওঠে। তারপর শুরু হয় দ্বিতীয় দফা বিপর্যয়ের যাত্রা। তবে সূচক পাঁচ হাজার পয়েন্টের ওপরই ঘুরপাক খাচ্ছিল। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরাও এটাকে ‘সূচকের মনস্তাত্ত্বিক সীমা’ হিসেবে অভিহিত করেন।দরপতনের প্রতিবাদে গতকালও আন্দোলনরত বিনিয়োগকারীরা রাজধানীর মতিঝিলে ডিএসই ভবনের সামনের রাস্তায় ব্যাপক বিক্ষোভ করেছেন। এ কারণে দুপুরের পর ইত্তেফাক মোড় থেকে শাপলা চত্বর পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ ছিল। বিকেল চারটার পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা রাস্তায় খড়কুটো জড়ো করে আগুন জ্বালিয়ে দেন। এ সময় তাঁরা অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডিএসইর নেতাদের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং তাঁদের পদত্যাগে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। ডিএসইর তথ্য থেকে জানা যায়, ২০০৯ সালের অক্টোবর মাসের শেষ সাত কার্যদিবসে গড়ে ডিএসইর সাধারণ সূচক ছিল তিন হাজার ৩৩৭ পয়েন্ট। তবে একই সময়ে গড় লেনদেন ছিল প্রায় ৯২৪ কোটি টাকা। কিন্তু ২০১০ সালের একই সময়ে গড় সূচক দাঁড়ায় সাত হাজার ৮০২ পয়েন্ট। লেনদেনের গড় পরিমাণ ছিল দুই হাজার ৬৭৬ কোটি টাকা।তবে চলতি বছরের অক্টোবরের গত সাত কার্যদিবসে ডিএসইর গড় সূচক হয়েছে পাঁচ হাজার ৪৩২ পয়েন্ট। আর গড় লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪০১ কোটি টাকা। যোগাযোগ করা হলে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী গতকাল প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ করেই বাজারের ওপর থেকে বিনিয়োগকারীদের আস্থা একেবারে কমে গেছে। দরপতন রোধে বিভিন্ন মহল থেকে নানা প্রতিশ্রুতি এসেছে। কিন্তু এর অনেকগুলোই বাস্তবায়িত হয়নি, যা বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসে চিড় ধরিয়েছে।’জানতে চাইলে ডিএসইর সভাপতি শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, ‘এত দিন সূচক মনস্তাত্ত্বিক একটি সীমার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। কিন্তু বিশ্বব্যাংক ও আইএমএফের প্রতিবেদনের ভিত্তিতে প্রকাশিত খবর বিনিয়োগকারীদের আস্থার জায়গায় নতুন করে আঘাত করে। তাতেই সূচক মনস্তাত্ত্বিক সীমার নিচে চলে এসেছে।’শাকিল রিজভী অবশ্য এও বলেন, ‘এখন অনেক কোম্পানির শেয়ারের দাম এমন এক পর্যায়ে নেমে এসেছে যে দামই বিনিয়োগকারীদের আবারও নতুন করে বাজারে টেনে আনবে।’ তিনি দৈনিক লেনদেনের মানসিকতা থেকে বেরিয়ে দীর্ঘ মেয়াদে বিনিয়োগের জন্য, বিশেষ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এখনই এগিয়ে আসার পরামর্শ দেন।ধারাবাহিক দরপতন বন্ধ করতে হলে বিনিয়োগকারীদের আস্থা পুনঃ প্রতিষ্ঠা করতে হবে বলেও মত দেন ডিএসইর সভাপতি। বাজার পরিস্থিতি: ঢাকার বাজারে গতকাল লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৪ শতাংশেরই দাম কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৮ শতাংশেরই দাম কমেছে। দরপতনের ব্যাপকতা এত বেশি ছিল যে দিন শেষে দুই বাজারে দাম বাড়ার শীর্ষ ১০ কোম্পানির তালিকাটি অসম্পূর্ণ থাকে। ঢাকার বাজারে লেনদেন হওয়া ২৫১ কোম্পানির মধ্যে ২৩৭টিরই দাম কমেছে, বেড়েছে কেবল সাতটির আর অপরিবর্তিত ছিল সাতটির দাম। চট্টগ্রামের বাজারে লেনদেন হওয়া ১৬৩ কোম্পানির মধ্যে ১৬০টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র একটির আর অপরিবর্তিত ছিল দুটির দাম। দিন শেষে ডিএসইতে প্রায় ৩৩১ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১৪ কোটি টাকা কম। সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৬ কোটি টাকা। ওই বাজারের সার্বিক মূল্যসূচক প্রায় ৫৮৮ পয়েন্ট কমে নেমে এসেছে ১৪ হাজার ৫৬০ পয়েন্টে।