সূচকে উল্লম্ফনের ধারায় ডিএসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের উল্লম্ফনের ধারায় ফিরেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। টানা কয়েক দিনের দরপতনের পর গতকালের মতো আজ বুধবারও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হলো ডিএসইর লেনদেন। কিছু সময়ের জন্য মাঝখানে দুইবার সূচক নিম্নমুখী থাকলেও সারা দিনে সূচকে ছিল ঊর্ধ্বগতি। পাশাপাশি লেনদেনের পরিমাণ, লেনদেন হওয়া প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ারের দর ও সূচক বাড়ে ১৫০ পয়েন্ট।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসই সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ১৫০ পয়েন্ট বেড়ে ৪,৫৫১ পয়েন্টে দাঁড়ায়।সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক গতকালের চেয়ে নয় পয়েন্ট বেড়ে গেলেও ১০ মিনিটে কমে গতকালের চেয়ে ৩৩ পয়েন্ট। এরপর সময়ের সঙ্গে বাড়ে সূচক। বেলা সোয়া ১১টা থেকে ১১টা ৪০ মিনিট এবং বেলা একটা ৫০ থেকে দুইটা ২০ মিনিট পর্যন্ত সময়ে দুবারের জন্য ওঠানামা করে সূচক। এ ছাড়া অন্যান্য সময় সূচকের উল্লম্ফন দেখা যায়।আজ লেনদেন হওয়া ২৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বাড়ে ২৫৭টির দাম, কমে মাত্র ছয়টির আর অপরিবর্তিত ছিল সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ২৭৭ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়। যা গতকালের চেয়ে প্রায় ১১৫ কোটি টাকা বেশি।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো গ্রামীণফোন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, তিতাস গ্যাস, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, যমুনা অয়েল, লংকাবাংলা ফিন্যান্স, স্কয়ার ফার্মা, আইডিএলসি ফিন্যান্স লিমিটেড ও লাফার্জ সুরমা সিমেন্ট।