পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ডাকা বৈঠক দুই দিন ধরে শেয়ারবাজারের লেনদেনকে প্রভাবিত করছে।বৈঠক হবে—এমন খবরে গত সোমবার শেষ ঘণ্টার লেনদেনে দুই স্টক এক্সচেঞ্জের মূল্যসূচক বেড়েছিল। আর গতকাল মঙ্গলবার ঘটেছে উল্টোটি। সিদ্ধান্ত ছাড়া বৈঠক শেষ হওয়ার খবরে মঙ্গলবার শেষ ঘণ্টায় আবারও বাজারে বড় ধরনের দরপতন ঘটেছে।প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল দিন শেষে ১৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ১৫৩ পয়েন্টে। মঙ্গলবারের এই বৈঠকের খবরে সোমবার দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১০৩ পয়েন্ট বেড়েছিল। বৈঠক ঘিরে সোমবার সূচক যা বেড়েছিল, গতকাল দিন শেষে তারও বেশি কমেছে।বাজার পর্যালোচনায় দেখা যায়, বাজার-সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে এসইসির ডাকা বৈঠক চলাকালে বাজারে সূচকের বড় ধরনের কোনো উত্থান-পতন দেখা যায়নি। বরং বৈঠক শেষ হওয়ার পর সূচকের দ্রুত পতন শুরু হয়। ততক্ষণে বাজারে খবর ছড়িয়ে পড়ে, বৈঠকে বাজারের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই তা শেষ হয়েছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে, যার বহিঃপ্রকাশ ঘটে সূচকে। শেষ এক ঘণ্টার মধ্যেই ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১৭৫ পয়েন্ট কমে যায়। নাম প্রকাশ না করার শর্তে এক বাজার বিশেষজ্ঞ বলেছেন, বাজারে বারবার হস্তক্ষেপ করার ফল যা হওয়ার তা হচ্ছে। বারবার হস্তক্ষেপ করে বাজারকে তার নিজ শক্তিতে ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই দেওয়া হচ্ছে না। তিনি আরও বলেন, এ ধরনের বৈঠক বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের প্রত্যাশা তৈরি করে, কিন্তু সেই তুলনায় প্রাপ্তিযোগ ঘটে না। ফলে বারবার বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়ছেন।তবে মূল্যসূচকে বড় ধরনের পতন হলেও ঢাকার শেয়ারবাজারে লেনদেনে খুব বেশি তারতম্য ঘটেনি। মঙ্গলবার দিন শেষে ডিএসইতে প্রায় ২২৫ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে এক কোটি টাকা কম। এ দিন ঢাকার বাজারে ২৫৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২৩৬টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ২১টির আর অপরিবর্তিত ছিল দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক মঙ্গলবার ৩৯৫ পয়েন্ট কমে নেমে এসেছে ১২ হাজার ২১২ পয়েন্টে। সিএসইতে এ দিন ১৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৫০টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ২৬টির আর অপরিবর্তিত ছিল ছয়টি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে সিএসইতে ৩৭ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে দুই কোটি টাকা বেশি।