সূচকের ইতিবাচক প্রবণতা শেয়ারবাজারে
গতকালের নিম্নমুখী প্রবণতার পর আজ মঙ্গলবার শুরু থেকে সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর ১২টায় লেনদেনের দেড় ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচক বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৩১৮ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৫৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৮টির দাম বেড়েছে, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই সময় পর্যন্ত ডিএসইতে ১৪৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, লংকাবাংলা ফিন্যান্স, সামিট পাওয়ার, গোল্ডেন সন, অ্যাপেক্স অ্যাডেলচি ফুটওয়্যার, গ্রামীণফোন, ওরিয়ন ফার্মা, সিঙ্গার বিডি, মার্কেন্টাইল ব্যাংক, জেনারেশন নেক্সট ফ্যাশন প্রভৃতি।