সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ
দশম জাতীয় সংসদ নির্বাচনের পর গতকাল সূচক নিম্নমুখী থাকলেও আজ মঙ্গলবার ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে। একই সঙ্গে লেনদেন বেড়েছে দুই বাজারে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। নতুন সরকার আসার পর দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আসতে পারে, এমনটি আশা করছেন বিনিয়োগকারীরা। পরিস্থিতি স্বাভাবিক হলে এর ইতিবাচক প্রভাব বাজারে পড়বে বলেও মনে করছেন তাঁরা। এরই প্রভাব বাজারে পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ডিএসইতে সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক আজ ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৩৩০ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের বাড়তি প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। সূচকের ঊর্ধ্বমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২১২টির দাম বেড়েছে, কমেছে ৪৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৪৫৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৪১ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৩১৫ কোটি টাকার লেনদেন হয়।
সিএসইতে সূচক বেড়েছে ১১৭ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুইই বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৪২৮ পয়েন্টে।
সিএসইতে আজ ২১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। হাতবদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৩টির দাম বেড়েছে, কমেছে ৫৩টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৩ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি। আজ এই প্রতিষ্ঠানের ২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া গোল্ডেন সন, লংকাবাংলা ফিন্যান্স, সামিট পাওয়ার, জেনারেশন নেক্সট ফ্যাশন, অ্যাপেক্স অ্যাডেলচি ফুটওয়্যার, ওরিয়ন ফার্মা, অ্যাপোলো ইস্পাত, বিইডিএল, গ্রামীণফোন প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।