সূচকের ঊর্ধ্বগতি, লেনদেন ও দাম বাড়ায় চাঙাভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেনদেনের শেষ ঘণ্টায় বেশ কিছু প্রতিষ্ঠানের শেয়ারের দামবৃদ্ধি ও সাধারণ সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে শেষ হয়েছে আজ বুধবার ঢাকা শেয়ারবাজারের লেনদেন। বেলা দুইটা পর্যন্ত শেয়ারবাজারে মোট লেনদেনের পরিমাণ এক হাজার ২২১ কোটি টাকা হলেও শেষ ঘণ্টায় তা অনেকটাই বেড়েছে। সব মিলিয়ে আজ শেয়ারবাজারে মোট দুই হাজার ৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।এদিন ঢাকা শেয়ারবাজারের সাধারণ মূল্যসূচক লেনদেনে শুরু থেকেই ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। শেষ পর্যন্ত সাধারণ মূল্যসূচক ৫০ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ৫১৩। বাজারে আজ মোট ২৩২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানেরই। ১৪৭টি প্রতিষ্ঠানের দাম বাড়ার বিপরীতে দাম কমেছে ৯৫টি প্রতিষ্ঠানের, অপরিবর্তিত আছে মাত্র একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ ঢাকা শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশির ভাগ প্রতিষ্ঠানই ব্যাংক ও আর্থিক খাতের। লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হল—ওয়ান ব্যাংক লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (এনসিসি ব্যাংক), ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল), প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড ও উত্তরা ফিন্যান্স লিমিটেড।