সূচকের ওঠানামা, দ্বিধা-দ্বন্দ্বে বিনিয়োগকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ১০দিন নিম্নমুখী প্রবণতার পর গতকাল মঙ্গলবার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও আজ সারাদিনই ওঠানামা করে সূচক। পরে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে দুই বাজারেই বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে। তবে সূচক সামান্য বেড়েছে দুই বাজারে। এদিকে ঈদুল আজহার পর একটানা দরপতনে বিনিয়োগকারীরা এক প্রকার দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে রয়েছেন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, একটানা দরপতনের ফলে এমনিতেই বিনিয়োগকারীরা ক্ষতিতে রয়েছেন। তাঁরা কী করবেন এমন সিদ্ধান্ত নিতে পারছেন না। এরই প্রভাব পড়ছে বাজারে। বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা আরও বলেন, বাজার একটু বাড়লেই এক শ্রেনীর বিনিয়োগকারী শেয়ার বিক্রিতে ততপর হয়ে ওঠেন। আবার বাজার কমলে আরেক শ্রেনীর বিনিয়োগকারী শেয়ার কেনায় ততপর হন। এর ফলে বাজারে ওঠানামার এই প্রবণতা দেখা যায়। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৩১০ পয়েন্টে। এর আগে বেলা সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। প্রথম পাঁচ মিনিটে সূচক সাত পয়েন্ট বাড়লেও পরের ১০ মিনিটে সূচক ১ পয়েন্ট কমেছিল। বেলা ১১টায় সূচক ১৮ পয়েন্ট বাড়লেও ১২টার দিকে সাত পয়েন্ট কমে যায়। এভাবেই বেশ কয়েকবার ওঠানামা করে সূচক।ডিএসইতে আজ মোট ২৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৮টির দাম বেড়েছে। কমেছে ১৩০টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।দিন শেষে স্টক এক্সচেঞ্জটিতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৮৬ কোটি টাকার, যা গতকালের চেয়ে ৩৩ কোটি টাকা বেশি।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, তিতাস গ্যাস, ইউনিক হোটেল, আরএন স্পিনিং, বিএসসিসিএল, গ্রামীণ ফোন, এনবিএল ও মালেক স্পিনিং প্রভৃতি।অন্যদিকে, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩৯ পয়েন্ট বেড়ে ১৩১৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ১৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৮টিরই দাম কমেছে। বেড়েছে ৫৬টির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা কম।