সূচকের ওঠানামার কারণে দ্বিধাদ্বন্দ্বে বিনিয়োগকারীরা
দেশের দুটি শেয়ারবাজারে দ্বিতীয় দিনের মতো গতকাল বুধবার মূল্যসূচক খানিকটা ঊর্ধ্বমুখী হয়েছে। তবে দিনভর সূচকের ওঠানামা লক্ষ করা যায়। এর আগে টানা ১০ দিন মূল্যসূচকের পতনের পর মঙ্গলবার তা কিছুটা বাড়ে।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সারা দিন সূচক ওঠানামা করার কারণে বিনিয়োগকারীদের অনেকেই শেয়ার কেনাবেচায় সিদ্ধান্তহীনতায় ভোগেন। ঈদুল আজহার পর একটানা দরপতনে বিনিয়োগকারীরা একধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন বলে মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, একটানা দরপতনের কারণে বিনিয়োগকারীরা লোকসানের মুখে রয়েছেন। এখন তাঁরা কী করবেন, সেই সিদ্ধান্ত নিতে পারছেন না। এরই প্রভাব পড়েছে বাজারে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা আরও বলেন, বাজার একটু বাড়লেই একশ্রেণীর বিনিয়োগকারী শেয়ার বিক্রি করতে তৎপর হয়ে ওঠেন। আবার বাজার কমলে আরেক শ্রেণীর বিনিয়োগকারী শেয়ার কেনায় তৎপর হন। এর ফলে বাজারে ওঠানামার এই প্রবণতা দেখা যায়।দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে গতকাল ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৩১০ পয়েন্টে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই দিনের লেনদেন শুরু হয়। প্রথম পাঁচ মিনিটে সূচক সাত পয়েন্ট বাড়লেও পরের ১০ মিনিটে সূচক ১ পয়েন্ট কমে। বেলা ১১টায় সূচক ১৮ পয়েন্ট বাড়ে, আবার ১২টার দিকে সাত পয়েন্ট কমে যায়। এভাবেই বেশ কয়েকবার ওঠানামা করে সূচক।ডিএসইতে এদিন মোট ২৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে আগের তুলনায় দাম বেড়েছে ১১৮টির, কমেছে ১৩০টির আর অপরিবর্তিত থাকে ২৪টি প্রতিষ্ঠানের।দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৮৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৩৩ কোটি টাকা বেশি।ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, তিতাস গ্যাস, ইউনিক হোটেল, আরএন স্পিনিং, বাংলাদেশ সাবমেরিন কেব্ল, গ্রামীণফোন, ন্যাশনাল ব্যাংক, মালেক স্পিনিং প্রভৃতি।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল ৩৯ পয়েন্ট বেড়ে ১৩,১৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। এই বাজারে মোট ১৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে আগের তুলনায় দাম কমেছে ১১৮টির, বেড়েছে ৫৬টির আর অপরিবর্তিত থাকে সাতটি কোম্পানির শেয়ারের। চট্টগ্রামের বাজারে এদিন মোট ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে এক কোটি টাকা কম।