সূচকের ওঠানামার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন চলছে
সূচকের ওঠানামার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে। বেলা একটা ১০ মিনিট পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে। এর ফলে বেড়েছে সাধারণ সূচকও।ডিএসই সূত্রে জানা যায়, ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। লেনদেনের প্রথম আধ ঘণ্টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৫১.২০ পয়েন্ট বেড়ে ৬১৮৩.৭৬ পয়েন্টে দাঁড়ায়। এরপর সূচক কিছুটা নিম্নমুখী হয়ে দুপুর ১২টার দিকে সূচক ১৭ পয়েন্ট কমে যায়। এরপর আবারও সূচক ওঠানামা করে।বেলা একটা ১০ মিনিটে সূচক ২৫ পয়েন্ট বেড়ে ৬১৫৮ পয়েন্ট দাঁড়ায়।এ সময়ে হাত বদল হওয়া ২৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৯০টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের দাম। একই সময়ে ডিএসইতে ২২৬ কোটি টাকার লেনদেন হয়েছে।এখন পর্যন্ত লেনদেনে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে সালভো কেমিক্যাল, ইউনাইটেড এয়ারওয়েজ, এসিআই ফরমুলেশন, মালেক স্পিনিং, এসিআই, আফতাব অটো, বেক্সিমকো, ডেসকো, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও সিটি ব্যাংক।