সূচকের ওঠানামায় চলছে লেনদেন
সূচকের ওঠানামার মধ্য দিয়ে আজ মঙ্গলবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর ১২টায় লেনদেনের দেড় ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে সূচক সামান্য বেড়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৩৮৫ পয়েন্টে। সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতে সামান্য সূচক বাড়ে। তবে বেলা সোয়া ১১টার দিকে সূচক ১১ পয়েন্ট কমে যায়। এর পর আবার ইতিবাচক প্রবণতায় যায় সূচক, যা এখনো অব্যাহত রয়েছে।
গতকাল ডিএসইএক্স সূচক কমেছিল ৩৪ পয়েন্ট।
এই সময়ে ডিএসইতে ২৫২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯০টির দাম বেড়েছে। কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৯০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দেড় ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফার কেমিক্যাল, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, বেক্সিমকো, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, অ্যাপোলো ইস্পাত, দ্য পেনিনসুলা চিটাগং, এসিআই, বিএসসিসিএল প্রভৃতি।