সূচকের ওঠানামায় সীমা আরোপ হতে পারে
স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচকের ওপর ইনডেক্স ব্রেকার বা সর্বোচ্চ ওঠানামার সীমা নির্ধারণ করে দেওয়া হতে পারে। মূল্যসূচকের অস্বাভাবিক উত্থান-পতন আটকানোর জন্যই এ চিন্তা করা হচ্ছে।অন্যদিকে বাজারে বড় বিপর্যয় ঠেকাতে আপাতত কিছু তহবিল জোগান দেওয়ার কথা হলেও ব্যাংক আমানত শেয়ারবাজারে যথেচ্ছ ব্যবহার না করতে একমত হয়েছেন এ খাতে সরকারের সর্বোচ্চ কর্তাব্যক্তিরা। দেশের সামগ্রিক পুঁজিবাজার পরিস্থিতি পর্যালোচনা ও বিশ্লেষণ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে গতকাল মঙ্গলবার বিকেলে এসব নীতিগত মতৈক্য হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রীর সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী, কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা, জিয়াউল হাসান সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।সূত্র জানায়, বৈঠকে সার্বিক পুঁজািবাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এক দিন আগে এই বৈঠকটি ডাকা হয়েছিল বাজার পরিস্থিতি দেখে। তবে গতকালের বাজার ঘুরে দাঁড়ানোয় পর্যালোচনা ও বিশ্লেষণ যেমনটা সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করেছিলেন তেমন হয়নি বলে সূত্র জানায়। তা সত্ত্বেও গত কয়েক দিনের বাজারে মূল্যসূচকের বড় ধরনের উত্থান-পতনকে অস্বাভাবিক আখ্যা দেওয়া হয়। বলা হয়, মূল্যসূচক ৬০০ থেকে ৭০০ পয়েন্ট পড়ে যাওয়া যেমনটি স্বাভাবিক বাজারের যৌক্তিক আচরণ মনে করা যায় না, তেমনি এক দিনে হাজার পয়েন্ট বেড়ে যাওয়াও স্বাভাবিক কোনো আচরণ নয়। এই পরিস্থিতিকে সামাল দিতে হবে। এসইসির দিক থেকে মূল্যসূচকে সার্কিট ব্রেকার বা ইনডেক্স ব্রেকার আরোপের কথা বলা হলে বিষয়টি নিয়ে সক্রিয় চিন্তাভাবনা করতে বলা হয়। তবে পরীক্ষা-নিরীক্ষা করে এটি করতে পরামর্শ আসে বৈঠকে। বৈঠকে বলা হয়, শেয়ারবাজারে বড় ধরনের বিপর্যয় যাতে ঘনীভূত হতে না পারে, তার জন্য এসইসিকে প্রতিনিয়ত পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রভাবিত করতে হবে। বলা হয়, বাজার পরিস্থিতির ওপর প্রতিনিয়ত নজরদারি রেখে প্রয়োজনীয় আনুষ্ঠানিক নির্দেশনার অপেক্ষা না করে তাৎক্ষণিকভাবে ফোন করে নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। যেমনটি বাংলাদেশ ব্যাংক প্রতিনিয়ত স্থিতিশীলতা ধরে রাখতে পদক্ষেপ নেয়।বাংলাদেশ ব্যাংকের দিক থেকে বৈঠকে বলা হয়, সংকটকালীন উত্তরণ ব্যবস্থাপনা হিসেবে ব্যাংকগুলোকে বাজার-সহায়তা দিতে বলা হয়েছে। কিন্তু এ ধারা কোনোভাবেই চালিয়ে যাওয়া যাবে না। বৈঠকে মতৈক্য হয়, আমানতের টাকা নিয়ে শেয়ারবাজারে খেলা করতে দেওয়া হবে না। ব্যাংক খাতকে নিরাপদে রাখতে হবে।এদিকে এসইসির সদস্য মনসুর আলমকে সরিয়ে দিতে সরকারের সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠকের মধ্যে উল্লেখ করা হয়। বলা হয়, বিধিগতভাবে নিয়ন্ত্রক সংস্থার চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে কিছু জটিলতা থাকায় আপাতত তাঁকে নিষ্ক্রিয় রাখা বা কোনো কাজ না দেওয়া এবং আইনকানুন দেখে ব্যবস্থা নিতে বলা হয়েছে। জানা গেছে, আগের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ার পর মনসুর আলমকে ছয় মাস আগে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল সংস্থাপন মন্ত্রণালয় থেকে। কিন্তু পুনর্নিয়োগের কোনো চুক্তি এখনো হয়নি। একটি সূত্র জানায়, ইতিমধ্যেই মনসুর আলম গতকাল অব্যাহতিপত্র এসইসিতে জমা দিয়েছেন। এ বিষয়ে কথা বলতে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।