সূচকের নিম্নগতি অব্যাহত রয়েছে
দেশের শেয়ারবাজারে সূচকের নিম্নগতি অব্যাহত রয়েছে। নতুন সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববারও দুই বাজারে সূচক কমেছে। এর মধ্যে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ১১ পয়েন্ট কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে প্রায় ২১ পয়েন্ট।মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়েই ঢাকার বাজারে গতকাল লেনদেন শুরু হয়েছিল। ব্যাংকিং খাতের কোম্পানিগুলোর মূল্যবৃদ্ধি এক্ষেত্রে বড় ভূমিকা রাখে। একই সময় অন্যান্য খাতের কোম্পানির দরপতন ঘটে। এরই মধ্যে ব্যাংকিং খাতের কোম্পানিগুলোর দর বাড়ার গতিও কমে যায়। ফলে সূচক কমতে থাকে।তবে দিন শেষে ডিএসইতে লেনদেন হওয়া ব্যাংকিং খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। এই খাতের ৩০টি কোম্পানির শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে আগের তুলনায় ২৫টিরই দাম বেড়েছে, কমেছে দুটির আর অপরিবর্তিত ছিল তিনটির দাম। সব মিলিয়ে এই বাজারে লেনদেন হওয়া ২৬৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে অধিকাংশেরই দাম কমেছে। এই সংখ্যা ১৮০। আর দাম বেড়েছে ৬৭টির ও অপরিবর্তিত ছিল ১৭টির। এদিকে ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে বুধবার থেকে দুই শেয়ারবাজারের লেনদেন ছয় দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। ৩০ অক্টোবর থেকে লেনদেন পুনরায় চালু হবে। ছয় দিনের এই ছুটিকে সামনে রেখে বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণও কিছুটা কমে গেছে, যে কারণে লেনদেনে কিছুটা স্থবিরতা বিরাজ করছে বলে মনে করেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।লেনদেনে স্থবিরতা বিরাজ করার পরিস্থিতিতে ঢাকার বাজারে একক কোম্পানি হিসেবে লেনদেনের শীর্ষস্থান ধরে রেখেছে ইউনাইটেড এয়ার। এই দিন কোম্পানিটির প্রায় ৪৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। বেশ কয়েক দিন ধরে কোম্পানিটি লেনদেনের শীর্ষে রয়েছে। ইউনাইটেড এয়ার ছাড়া লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ছিল যথাক্রমে যমুনা অয়েল, সায়হাম টেক্সটাইল, মেঘনা পেট্রোলিয়াম, তিতাস গ্যাস, তাল্লু স্পিনিং, বাংলাদেশ সাবমেরিন কেব্ল, ইউনিক হোটেল, নাভানা সিএনজি ও এমআই সিমেন্ট। এর মধ্যে এমআই সিমেন্টের লভ্যাংশ ঘোষণার খবরটি গতকালই দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। কোম্পানিটি শেয়ারধারীদের জন্য ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। এই খবরে এই দিন কোম্পানিটির শেয়ারের দাম কমেছে। দিন শেষে ঢাকার বাজারের সাধারণ সূচক কমে চার হাজার ৪৪৭ পয়েন্টে নেমে এসেছে। মাঝে তিন দিনের সামান্য উত্থান বাদ দিলে গত ৯ অক্টোবর থেকে ডিএসইতে সূচকের টানা পতন চলছে। ডিএসইতে এই দিন প্রায় ৩৮৭ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ১৮ কোটি টাকা বেশি। সিএসইর সার্বিক মূল্যসূচক এ দিন কমে দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার ৫৮১ পয়েন্টে। লেনদেন হয় ১৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের। এর মধ্যে আগের তুলনায় দাম কমেছে ১২২টির, বেড়েছে ৪৫টির আর অপরিবর্তিত ছিল ১৩টির। মোট লেনদেন হয় ৪০ কোটি টাকার, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় দুই কোটি টাকা কম।