দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সূচকের ওঠানামার মধ্য দিয়ে শুরু হলেও, নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। পাশাপাশি সূচকও কমেছে। অন্যদিকে, গত তিন মাসেরও বেশি সময়ের মধ্যে গতকাল সর্বনিম্ন লেনদেন হলেও, আজ লেনদেনের পরিমাণ বেড়েছে ডিএসইতে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসই সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ১০ পয়েন্ট কমে ৪,৬৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক গতকালের চেয়ে আট পয়েন্ট কমে গেলেও ২০ মিনিটে গতকালের চেয়ে ছয় পয়েন্ট বেড়ে যায়। ৪৫ মিনিটে সূচক বাড়ে ৫০ পয়েন্ট। বেলা সাড়ে ১২টায় সূচক বাড়ে ১৬ পয়েন্ট। এরপর থেকে সূচক আবারো কমতে থাকে এবং নিম্নমুখী প্রবণতায় শেষ হয় দিনের লেনদেন। আজ লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ৯৯টির দাম, কমেছে ১৪০টির আর অপরিবর্তিত আছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ১৪৯ কোটি টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে প্রায় ২১ কোটি টাকা বেশি। দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো— জিবিবি পাওয়ার, সোশ্যাল ইসলামী ব্যাংক লি., লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, এক্সিম ব্যাংক, গ্রামীণফোন, তিতাস গ্যাস, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি., লঙ্কাবাংলা ফিন্যান্স এবং যমুনা অয়েল।