সূচকের বড় উত্থান শেয়ারবাজারে
টানা পাঁচ দিন দরপতনের পর আজ বুধবার ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে দেশের শেয়ারবাজারে। দিনের লেনদেন শেষে দুই বাজারেই প্রায় সব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকের বড় উত্থান লক্ষ করা গেছে। একই সঙ্গে লেনদেন বেড়েছে দুই স্টক এক্সচেঞ্জে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আজ মিউচুয়াল ফান্ড বিধিমালার চূড়ান্ত সংশোধনী অনুমোদন করা হয়েছে। ফলে এখন থেকে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডগুলো নগদ লভ্যাংশের পাশাপাশি বোনাস ঘোষণা করতে পারবে। এর ফলে মিউচুয়াল ফান্ড খাতে চাঙাভাব দেখা যায়। একই সঙ্গে আগামীকাল নতুন অর্থবছরে মুদ্রানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রানীতি পুঁজিবাজারবান্ধব হবে এমন আশা করছেন বিনিয়োগকারীরা। এ দুটি বিষয় বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতায় প্রভাব রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।ডিএসই সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক পৌনে ৪ শতাংশ অর্থাত্ ১৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪০৭৬ পয়েন্টে। এর আগে বেলা ১১টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ঊর্ধ্বমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২৫২টির দাম বেড়েছে, কমেছে ২৪টির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ডিএসইতে আজ ৪৬৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৫ কোটি টাকা বেশি। বৃহস্পতিবার এই বাজারে ৪৩৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।গতকালের মতো আজও ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল বিএসসিসিএল। আজ প্রতিষ্ঠানটির ৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া পদ্মা অয়েল, তিতাস গ্যাস, মেঘনা পেট্রোলিয়াম, ইউনিক হোটেল, অ্যাকটিভ ফাইন, গ্রামীণফোন, বিএসসি, যমুনা অয়েল, এইমস ফাস্ট মিউচুয়াল ফান্ড প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থান লক্ষ করা গেছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৪০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৬৩৭ পয়েন্টে।সিএসইতে লেনদেন হওয়া ২০৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৮টির দাম বেড়েছে, কমেছে ২৬টির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ এই বাজারে ৩৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে চার কোটি টাকা বেশি। গতকাল সিএসইতে ৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।