শেয়ারবাজারে কী হচ্ছে, এটাই এখন সাধারণ বিনিয়োগকারী, বিশ্লেষক ও বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশ্ন। কারণ, এক দিন বাজারে বড় দরপতন ঘটছে তো আরেক দিন ব্যাপক উত্থান হচ্ছে। এ ধরনের উত্থান-পতনের পালাবদলের পরিস্থিতিতে গতকাল বুধবার সূচকে বড় উল্লম্ফন ঘটেছে। টানা পাঁচ দিন বড় ধরনের দরপতনের পর এই উল্লম্ফন দেখা গেল।এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় পৌনে চার শতাংশ বা ১৪৭ পয়েন্ট বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩ দশমিক ৩২ শতাংশ বা ৪০৬ পয়েন্ট বেড়েছে। তবে দুই স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের বড় উল্লম্ফন ঘটলেও লেনদেন খুব একটা বাড়েনি।বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ হেলাল প্রথম আলোকে বলেন, ‘বর্তমানে যা হচ্ছে, কোনো অবস্থাতেই তা সুস্থ ও স্বাভাবিক কোনো আচরণ নয়। আজ (গতকাল) বাজারে সূচকের যে উল্লম্ফন ঘটেছে, সেটিও কারসাজির অংশ। চাহিদা বৃদ্ধির মাধ্যমে শেয়ারের দাম বাড়লে বাজারে লেনদেন বাড়ত। কিন্তু লেনদেন বাড়েনি, অথচ সূচক বেড়ে গেল অনেক।’মোহাম্মদ হেলাল আরও বলেন, ‘বাজারের অনিয়ম রোধে নিয়ন্ত্রক সংস্থায় অত্যাধুনিক সার্ভিল্যান্স যন্ত্র বসানো হয়েছে। তাহলে সেই যন্ত্রটি দিয়ে কী কাজটি করা হচ্ছে? যদি তাৎক্ষণিকভাবে অনিয়ম শনাক্ত এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগই না থাকে, তাহলে সেটির কোনো প্রয়োজন আদৌ আছে কী? বাজারের সাম্প্রতিক অবস্থা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম দেখে কমিশনকে অকার্যকরই মনে হচ্ছে।’বিএসইসির ঘোষণা: কমিশনের বুধবারের সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়, চার দিন ধরে অব্যাহত দরপতনের কারণ অনুসন্ধানে সার্ভিল্যান্স বিভাগ যথাযথ কার্যক্রম শুরু করেছে। তদন্ত ও অনুসন্ধানের তথ্যের ভিত্তিতে যদি কারও বিরুদ্ধে সিকিউরিটিজ আইন ভঙ্গের তথ্য পাওয়া যায়, তাহলে যত দ্রুত সম্ভব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।একই সঙ্গে জানানো হয়, সাম্প্রতিক সময়ে কিছু শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ঘটনা তদন্তে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ‘শর্ট সেলের’ অভিযোগে ১৮টি ব্রোকারেজ হাউস ও স্টক ডিলারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের (এনফোর্সমেন্ট) বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। যেসব কোম্পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের কথা কমিশন বলেছে, সেগুলো হলো জে এম আই সিরিঞ্জ, আলহাজ টেক্সটাইল, বঙ্গজ লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি। এর বাইরে অন্যান্য বিষয় তদন্তে সাতটি কমিটি গঠন করা হয়েছে বলে কমিশন জানায়।বাজার পরিস্থিতি: ঢাকার বাজারে গতকাল লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৮৯ শতাংশ এবং চট্টগ্রামের বাজারে ৮৬ শতাংশের দর বৃদ্ধি পেয়েছে। দিনের শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪৬৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ২৫ কোটি টাকা বেশি। চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৩৯ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে তিন কোটি টাকা বেশি।