সূচকের বড় উল্লম্ফন লেনদেনও বাড়ল
দেশের শেয়ারবাজারে গতকাল বুধবার মূল্যসূচকের বড় উত্থান ঘটেছে। সেই সঙ্গে লেনদেনের পরিমাণও বেড়েছে। ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ পরিচালকদের পদ শূন্য ঘোষণার সিদ্ধান্তের পরদিন বাজার ইতিবাচক আচরণ করেছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা গুরুত্বপূর্ণ বিষয়ের সুরাহা হওয়ায় বিনিয়োগকারীদের উৎকণ্ঠা কিছুটা হলেও কমেছে, যার ইতিবাচক প্রতিফলন ঘটেছে বাজারে। এ ছাড়া গতকাল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণও অন্যান্য দিনের চেয়ে বেশি ছিল বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্য সূচক গতকাল এক দিনে প্রায় সাড়ে তিন শতাংশ বা ১৫০ পয়েন্ট বেড়েছে। এর ফলে দিন শেষে ডিএসইর সাধারণ সূচক আবারও সাড়ে চার হাজার পয়েন্ট ছাড়িয়ে গেছে। সাত কার্যদিবস পর ডিএসইর সাধারণ সূচক সাড়ে চার হাজার পয়েন্টের ওপরে উঠেছে। সর্বশেষ ১৭ জুন ডিএসইর সাধারণ সূচক সাড়ে চার হাজার পয়েন্টের ওপরে ছিল। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল এক দিনে প্রায় তিন শতাংশ বা প্রায় ৩৭৪ পয়েন্ট বেড়েছে। দিন শেষে সেখানকার বাজারের সার্বিক মূল্যসূচক বেড়ে আবারও সাড়ে ১৩ হাজার পয়েন্ট ছাড়িয়ে গেছে।দেশের দুই স্টক এক্সচেঞ্জে গতকাল লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ডিএসইতে ৯৫ শতাংশের এবং সিএসইতে ৯২ শতাংশের দাম বেড়েছে। ঢাকার বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর অধিকাংশের মূল্য বৃদ্ধি পাওয়ায় এদিন দর হ্রাসের দিক থেকে শীর্ষ ১০ কোম্পানির তালিকাটি অপূর্ণাঙ্গ ছিল। এদিকে গতকাল দিনভরই শেয়ারবাজারে আলোচনার কেন্দ্রে ছিল ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ পরিচালকদের পদ শূন্য ঘোষণার বিষয়টি। মঙ্গলবারই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ন্যূনতম শেয়ার ধারণের সময়সীমা না বাড়ানোর ঘোষণা দেয়। সে সঙ্গে যেসব পরিচালক সময় বাড়ানোর আবেদন করেছিলেন তাঁদের আবেদন নাকচ করে দেওয়া হয়। আর ব্যর্থ পরিচালকদের শূন্যপদের হিসাব জানতে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেয়। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে এ তথ্য কমিশনকে জানানোর কথা বলেছে সংস্থাটি। এ ছাড়া ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুদ মওকুফ ও আইপিওতে কোটা সংরক্ষণেরও ঘোষণা দেয় এসইসি। সংস্থাটি জানিয়েছে, আগামী ১ জুলাই থেকে সদু মওকুফ ও কোটা সংরক্ষণের বিষয়টি কার্যকর করা হবে। এ জন্য ঋণদাতা প্রতিষ্ঠান মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোকে চিঠি দেওয়া হবে। প্রণোদনা বাস্তবায়নের এ ঘোষণাও গতকালের বাজারে ইতিবাচক ভূমিকা রেখেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৫৫১ পয়েন্টে। এ দিন ঢাকার বাজারে ২৭০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২৫৭টিরই দাম বেড়েছে। দিন শেষে বুধবার ডিএসইতে প্রায় ২৭৮ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ১১৬ কোটি টাকা বেশি।চট্টগ্রামের বাজারে গতকাল ১৮৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭৩টিরই দাম বেড়েছে। দিন শেষে সিএসইতে প্রায় ৬৩ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় দ্বিগুণ। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়ে হয়েছে ১৩ হাজার ৬৬৮ পয়েন্ট।