সূচকের মোড় ঘুরে গেল হঠাৎ!
টানা দরপতনের পর আজ বুধবার দেশের পুঁজিবাজারে সূচকের নাটকীয় পরিবর্তন দেখা গেছে। লেনদেনের শুরুতে সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা গেলেও ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে। আর দিন শেষে দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। তবে লেনদেনের শুরুতেই ডিএসইর সাধারণ মূল্যসূচক সাড়ে চার হাজার পয়েন্টের নিচে নেমেছিল।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৫৮.৭৯ পয়েন্ট বেড়ে ৪,৫৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। এর ১০ মিনিটের মাথায় সূচক ৭৩ পয়েন্ট পড়ে যায় আর ৪০ মিনিটে পড়েছিল ১২৪ পয়েন্ট। এরপর সূচকের নাটকীয় মোড় লক্ষ করা যায়, যা কয়েকবার ওঠানামা করে এবং ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।এ দিকে বেলা পৌনে ১২টার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১২৪ পয়েন্ট পড়ে গেলে ডিএসই ভবনসহ আশপাশের ভবনে হইহুল্লোড় শুরু করেন বিনিয়োগকারীরা। একই সঙ্গে ভবনগুলো থেকে সড়কে কাঠের টুকরো, পানির বোতল ও ঝাড়ু নিক্ষেপ করেন তাঁরা। যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ডিএসইর সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।আজ ডিএসইতে ২৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২১১টিরই দাম বেড়েছে, কমেছে ৪৪টির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ২৬২ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩০ কোটি টাকা বেশি।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—গ্রামীণফোন, বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, আরএন স্পিনিং, এনবিএল, সোস্যাল ইসলামী ব্যাংক, ফুওয়াং সিরামিকস, যমুনা অয়েল, বিকন ফার্মা ও আফতাব অটো।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৮৪.০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩,২২০.০৬ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ১৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৬টির দাম বেড়েছে, কমেছে ৫৫টির আর অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৩৭ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে সাত কোটি টাকা বেশি।